ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালীগ্রাম ফ্লাইওভারে সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় চালকসহ একই পরিবারের ৪ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডারবোঝাই একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে দ্রুতগামী প্রাইভেট কারের সজোরে ধাক্কায় চালকসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় দুই শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালীগ্রাম ফ্লাইওভার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী এবং তাদের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামে। তারা হলেন— ওই গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), তার ছেলে আরিফ ইসলাম (২৪), একই গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী আয়েশা বেগম (২৮) এবং রাকিব (১৮)। দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রাইভেট কারের চালকও (পরিচয় মেলেনি)। এই ঘটনায় আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩) নামের দুই শিশু গুরুতর আহত হয়েছে।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে যশোরগামী প্রাইভেট কারটি এক্সপ্রেসওয়ের মালীগ্রাম ফ্লাইওভার এলাকায় পৌঁছালে একই লেনে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে প্রচণ্ড শক্তিতে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি কেটে হতাহতদের উদ্ধার করেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ভোররাতের এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...