গাজীপুরের কাপাসিয়ায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন মাসুমা আক্তার। মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন। বিরল এই ঘটনা নিয়ে বিস্তারিত পড়ুন।
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়ে এখন পুরো এলাকার আলোচনার কেন্দ্রবিন্দুতে মাসুমা আক্তার। গত ৫ এপ্রিল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন ছেলে ও দুই মেয়ের জন্ম দেন তিনি। দীর্ঘ কয়েক দিনের চিকিৎসাসেবা ও পর্যবেক্ষণের পর শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে মা ও পাঁচ নবজাতক সুস্থ অবস্থায় নিজ বাড়িতে ফিরেছেন।
মাসুমা কাপাসিয়ার টোক ইউনিয়নের দীঘাবর গ্রামের কাজল মিয়ার স্ত্রী। দম্পত্তির সংসারে আগে থেকেই ৯ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
নবজাতকদের বাবা কাজল মিয়া আবেগাপ্লুত কণ্ঠে বলেন, "একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম বিরল এবং ঝুঁকিপূর্ণ। জন্মের পর শিশুদের শারীরিক অবস্থা নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তায় ছিলাম। আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন এটি।"
তিনি জানান, অপারেশনের পর মা ও সন্তানরা ৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিল। এরপর চিকিৎসকদের পরামর্শে কাপাসিয়ার বেলাসী গ্রামের মডিউল কমিউনিটি ক্লিনিকে আইসোলেশনে রেখে তাদের শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করা হয়। সবশেষে শুক্রবার বিকেলে চিকিৎসকদের ছাড়পত্র নিয়ে তারা বাড়িতে ফেরেন।
মডিউল কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডা. রুহুল আমিন বলেন, "একসঙ্গে জন্ম নেওয়া নবজাতকদের মধ্যে একজনের শারীরিক অবস্থা কিছুটা জটিল ছিল। আমাদের হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখার পর তারা স্বাভাবিক অবস্থায় ফিরেছে। মা ও নবজাতকদের নিরাপত্তার জন্য বাড়িতে কোনো সমস্যা হলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।"
ক্লিনিকের চিকিৎসক কামরুজ্জামান সেলিম জানান, এটি একটি অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ প্রসব ছিল। সঠিক সময়ে সঠিক চিকিৎসা পাওয়ায় মা ও শিশু সবাই বর্তমানে সুস্থ রয়েছে।
বিরল এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহ দেখা দিয়েছে। নবজাতকদের এক নজর দেখতে অনেকেই ভিড় করছেন মাসুমা ও কাজল মিয়ার বাড়িতে। পুরো এলাকা এখন এই পাঁচ নবজাতককে নিয়ে উৎসবের আমেজে ভাসছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...