বগুড়ার গাবতলীতে জমি বিক্রির টাকা লুটের লোভে গৃহবধূ রিতা মজুমদারকে গলা কেটে হত্যার ঘটনায় দুই দিনমজুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে রক্তমাখা অস্ত্র।
বগুড়ার গাবতলী উপজেলার মমিনহাটা গ্রামে গৃহবধূ রিতা মজুমদারকে গলা কেটে হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। জমি বিক্রির টাকা লুটের লোভেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় জড়িত দুই পেশাদার দিনমজুরকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৫ মে) দুপুর ১২টার দিকে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ।
আরও পড়ুন: জঙ্গল সলিমপুরে গভীর রাতে র্যাব ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা
গ্রেপ্তার ও ঘটনার নেপথ্য
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মমিনহাটা পূর্বপাড়ার ফরিদ প্রামাণিকের ছেলে শাওন মিয়া (২০) এবং একই এলাকার মোখলেছের ছেলে আনোয়ার হোসেন (৩৫)।
পুলিশ জানায়, প্রায় ১০ দিন আগে দিনমজুর আনোয়ার জানতে পারেন যে ভুক্তভোগী রিতা মজুমদারের বাড়িতে জমি বিক্রির মোটা অঙ্কের টাকা রাখা আছে। এরপরই সে তার সহযোগী শাওনকে নিয়ে টাকা লুটের ছক কষে। পরিকল্পনা অনুযায়ী আনোয়ার স্থানীয় বাজার থেকে দুটি ধারালো দেশীয় অস্ত্রও কিনে আনে।
গত ২০ মে রাতে রিতা মজুমদার ও তার স্বামী বিধান মজুমদার বাড়ির বাইরে ধান ও খড় তোলার কাজে ব্যস্ত ছিলেন। সেই সুুযোগ নিয়ে আনোয়ার ও শাওন চুপিসারে বাড়ির ভেতরে ঢুকে গরুর খাবার রাখার ঘরে (গোয়ালঘর) লুকিয়ে থাকে। কাজ শেষে রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী আলাদা দুটি কক্ষে ঘুমাতে যান।
রাত সোয়া ১২টার দিকে সুুযোগ বুঝে শাওন দরজায় ধাক্কা দেয়। শব্দ শুনে রিতা মজুমদার টর্চলাইট নিয়ে বাইরে বের হওয়া মাত্রই প্রতিবেশী আনোয়ারকে চিনে ফেলেন। পরিচয় প্রকাশ পাওয়ার আতঙ্কে আনোয়ার তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সরাসরি রিতার গলায় কোপ দেয়। স্ত্রীর চিৎকার শুনে স্বামী বিধান মজুমদার ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। ওই সময় চিৎকার-চেঁচামেচিতে লোক জড়ো হতে থাকলে টাকা লুট না করেই খুনিরা পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই রিতার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পর গাবতলী থানা-পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন অনুসন্ধানের মাধ্যমে তদন্তে নামে। গত শনিবার রাতে প্রথমে শাওনকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকার করে আনোয়ারের নাম জানালে পুলিশ আনোয়ারকেও গ্রেপ্তার করে।
খুনিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে বয়ারবাড়ী বিলের কচুরিপানার ভেতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি রক্তমাখা দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এছাড়া আসামিদের রক্তমাখা পোশাক ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...