profile
নিউজ টাইম
২৫ মে, ২০২৬ দুপুর ০২:৩১

জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় নির্মাণাধীন র‍্যাব ক্যাম্প
জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় নির্মাণাধীন র‍্যাব ক্যাম্প

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে গভীর রাতে নির্মাণাধীন র‍্যাব ক্যাম্পে গুলি ও বুলডোজার দিয়ে হামলা চালিয়েছে ইয়াসিন বাহিনীর সন্ত্রাসীরা। যৌথ বাহিনীর অভিযান চলমান।

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় গভীর রাতে যৌথ বাহিনীর নির্মাণাধীন র‍্যাব ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়েছে একদল সশস্ত্র সন্ত্রাসী। ক্যাম্প লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানোর পাশাপাশি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ক্যাম্পের দেয়াল ও বিভিন্ন অবকাঠামো।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে দ্রুত পৌঁছাতে না পারে, সেজন্য বনের ভেতরের রাস্তার অন্তত তিনটি স্থান কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় হামলাকারীরা। রবিবার (২৪ মে) দিবাগত রাত দুইটার দিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।


র‍্যাবের দাবি, জঙ্গল সলিমপুরের একচ্ছত্র নিয়ন্ত্রণ হারানো কুখ্যাত ‘ইয়াসিন বাহিনী’র সদস্যরা এই পরিকল্পিত হামলার সঙ্গে জড়িত। এই ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


র‍্যাব জানায়, মহাসড়ক থেকে ক্যাম্পে ঢোকার রাস্তা কেটে প্রতিবন্ধকতা তৈরি করায় যৌথ বাহিনীর গাড়িগুলো দূরে আটকে পড়ে। পরে র‍্যাব ও অন্যান্য বাহিনীর সদস্যরা গাড়ি রেখে হেঁটে পাহাড়ি পথ বেয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং রাত থেকেই বিশেষ অভিযান শুরু করেন।


প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে সন্ত্রাসীদের দমনে অ-প্রাণঘাতী (নন-লিথাল) অস্ত্র ব্যবহার করে র‍্যাব। শেষ পর্যন্ত যৌথ বাহিনীর প্রতিরোধের মুখে টিকতে না পেরে দস্যুরা পিছু হটে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।


দীর্ঘদিন ধরে অপরাধের নিরাপদ দুর্গ হিসেবে পরিচিত এই জঙ্গল সলিমপুর গত ৯ মার্চ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩,২০০ সদস্যের এক বিশাল যৌথ অভিযানের মাধ্যমে সন্ত্রাসীদের হাত থেকে অবমুক্ত করেছিল প্রশাসন। এর আগে প্রশাসন সেখানে ঢুকতে গেলেই হামলার শিকার হতো।


উদ্ধারকৃত এই আলীনগর ও রোকননগর এলাকায় সরকার পুলিশ ও র‍্যাবের জন্য দুটি স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা দেয়। এরই অংশ হিসেবে আলীনগরে র‍্যাবের একটি ক্যাম্প তৈরির কাজ চলছিল, যা গতকাল রাতে গুঁড়িয়ে দেয় পলাতক সন্ত্রাসীরা। গত ৯ মার্চের অভিযানে ২২ জন ধরা পড়লেও বাহিনীর প্রধান মো. ইয়াসিন ও রোকন উদ্দিনসহ শীর্ষ বেশ কয়েকজন সন্ত্রাসী এখনও পলাতক রয়েছে, যাদের ধরতেই এই নতুন অভিযান।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৮

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...