কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক রাতের ব্যবধানে পরপর দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে ক্যাম্পের একটি বড় স্বাস্থ্যকেন্দ্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এর আগে বৃহস্পতিবার রাতে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে আগুনে পাঁচটি বসতঘর ভস্মীভূত হয়েছে।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক রাতের ব্যবধানে পরপর দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে ৪ নম্বর ক্যাম্পে একটি বড় স্বাস্থ্যকেন্দ্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এর আগে বৃহস্পতিবার রাতে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে আগুনে পাঁচটি বসতঘর ভস্মীভূত হয়েছে। শীতের মৌসুমে এমন ঘনঘন অগ্নিকাণ্ডে সাধারণ রোহিঙ্গাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার ভোর ৫টার দিকে মধুরছড়া এলাকার ৪ নম্বর ক্যাম্পের ডি-ব্লকে ‘ওবাট হেলথ পোস্ট’ নামে পরিচিত একটি বড় স্বাস্থ্যকেন্দ্রে আগুন লাগে। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে স্বাস্থ্যকেন্দ্রের কাঠামো, দামী চিকিৎসা সরঞ্জাম, ওষুধ এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার ওপরে বলে ধারণা করা হচ্ছে। দাতব্য সংস্থা 'ওবাট হেল্পারস ইউএসএ' ও 'হিউম্যান ইন্টারন্যাশনাল ইউএসএ'-এর সহায়তায় পরিচালিত এই কেন্দ্রটি থেকে রোহিঙ্গাসহ স্থানীয় মানুষ বিনামূল্যে চিকিৎসা পেতেন।
ওবাট হেলপারস বাংলাদেশের হেলথ কো-অর্ডিনেটর ডা. মাহামুদুল হাসান সিদ্দিকী রাশেদ বলেন, "আকস্মিক আগুনে পুরো কেন্দ্রটি ধ্বংস হয়ে গেছে। এটি আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।"
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পের বি-ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শীতের রাতে সবাই যখন ঘুমের প্রস্তুতি নিচ্ছিল, তখনই হঠাৎ আগুন দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এর মধ্যেই ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, দুটি অগ্নিকাণ্ডেই কেউ হতাহত হয়নি। তিনি বলেন, “প্রাথমিকভাবে ৪ নম্বর ক্যাম্পের আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে দুটি ঘটনারই প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলমান রয়েছে।”
পরপর এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে নাশকতার শঙ্কা ও উদ্বেগ কাজ করছে। উখিয়া থানা পুলিশ জানিয়েছে, ক্যাম্প এলাকায় নিরাপত্তা ও টহল বাড়ানো হয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...