মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলায় প্রকম্পিত টেকনাফ সীমান্ত। রোহিঙ্গা অনুপ্রবেশ রুখতে ড্রোনের সাহায্যে নাফ নদী ও স্থলপথে টহল জোরদার করেছে বিজিবি।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে থাকা এলাকা পুনর্দখলের লক্ষ্যে বিমান ও ভারী মর্টার শেল হামলা শুরু করেছে জান্তা বাহিনী। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৮টা থেকে রাখাইনের মংডু ও বুথিডং টাউনশিপজুড়ে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে বাংলাদেশের টেকনাফ সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা। এই সংঘাতের জেরে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা তৈরি হওয়ায় টেকনাফ সীমান্তে জল, স্থল ও নাফ নদীতে টহল এবং ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ সীমান্তের জাদিমুড়া থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত ওপার থেকে আসা বিস্ফোরণের বিকট শব্দ স্পষ্টভাবে শোনা যাচ্ছে। গত বুধবার রাতেও পাঁচ মিনিটে চার দফা ভারী মর্টার শেলের বিস্ফোরণে প্রকম্পিত হয় সীমান্ত। টেকনাফের বাসিন্দা মো. শাহীন আলম জানান—ভয়াবহ ঝাঁকুনিতে ঘরবাড়ি কাঁপছে এবং নাফ নদীর ওপারে আগুনের শিখাও দেখা গেছে।
উখিয়া ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গা স্বজনদের সূত্রমতে—গত দুই দিনে মংডু এলাকায় অন্তত ৩০টির মতো বিমান হামলা চালিয়েছে জান্তা সরকার। আরাকান আর্মির সদর দপ্তর লক্ষ্য করে চালানো এই হামলায় ওপারে একাধিক রোহিঙ্গা গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্তত ২ জন রোহিঙ্গা নিহত এবং ২০ থেকে ৩০টি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। চরম আতঙ্কে হাজারো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের জন্য সীমান্ত অভিমুখে জড়ো হচ্ছেন।
বিস্ফোরণের জেরে টেকনাফ ও উখিয়া সীমান্তের বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ বৃহস্পতিবার বিকেলে টেকনাফ ২ বিজিবির লেফটেন্যান্ট ফুয়াদ রহমানের নেতৃত্বে পৌরসভার নাইট্যংপাড়া, বরইতলী ও জাদিমোড়া সীমান্ত এলাকায় জল-স্থলপথে বিশেষ নৌ টহল এবং ড্রোনের সাহায্যে আকাশপথে কড়া নজরদারি চালানো হয়।
বিজিবির রামু সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন—মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে সম্ভাব্য সব ধরনের রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জল ও স্থলপথে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...