৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সেরাকণ্ঠের চ্যাম্পিয়ন মির্জা তানজিম শরীফ মুগ্ধ।
একসময় যিনি চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ট্রফি জিতে দেশের কোটি মানুষের মন জয় করেছিলেন, সেই মির্জা তানজিম শরীফ মুগ্ধ এবার নতুন পরিচয়ে হাজির হলেন। সদ্য প্রকাশিত ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফলে সাধারণ শিক্ষা ও বুয়েট ব্যাকগ্রাউন্ডের এই প্রতিভাবান তরুণ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। মেধাতালিকায় দেশের প্রথম ৫০ জনের মধ্যে স্থান করে নিয়ে তিনি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (৩০ জুন) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক আবেগঘন পোস্টে মুগ্ধ এই অভূতপূর্ব অর্জনের সুসংবাদটি সকলের সাথে শেয়ার করেন।
২০১৯ সাল থেকে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত মুগ্ধ জানান—শত দায়িত্বের চাপ ও সহস্র সংশয়ের মাঝে ৪৭তম বিসিএসের এই সমুদ্র পাড়ি দেওয়া আল্লাহর মেহেরবানি। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় তাঁকে যে আত্মতৃপ্তি দিয়েছে, বিসিএসের এই বড় সাফল্যের আনন্দের মধ্যেও সেই অনুভূতির মূল্য তাঁর কাছে বিন্দুমাত্র কমে যায়নি।
ময়মনসিংহের চড়পাড়ার সন্তান মুগ্ধর জন্ম এক শিক্ষক পরিবারে। বাবা ইসকান্দর মির্জা কলেজশিক্ষক ও মা তাহমিনা বেগম স্বাস্থ্য পরিদর্শক। স্কুলজীবন থেকেই ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া মুগ্ধ ময়মনসিংহ জিলা স্কুল ও নটরডেম কলেজ থেকে কৃতিত্বের সাথে জিপিএ–৫ পেয়ে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। বুয়েটে ভর্তির আগেই তাঁর ঝুলিতে ছিল ২৯টি জাতীয় পুরস্কার।
গান, গণিত ও অলিম্পিয়াডের অনন্য রেকর্ড:
মুগ্ধ শুধু ২০১০ সালের সেরাকণ্ঠ চ্যাম্পিয়নই নন, তিনি ২০১২ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত ৫৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে ‘অনারেবল মেনশন’ অর্জন করেন। এ ছাড়া জাতীয় গণিত অলিম্পিয়াডে টানা ছয়বার চ্যাম্পিয়ন হওয়ার বিরল রেকর্ড রয়েছে তাঁর। বাস্কেটবল ও টেবিল টেনিসেও জাতীয় পুরস্কারজয়ী এই অলরাউন্ডার এবার নতুন দায়িত্বে সততা ও নিষ্ঠার সাথে দেশসেবা করতে প্রস্তুত।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...