মগবাজারে পূবালী ব্যাংকের অফিসার্স কোয়ার্টারে গভীর রাতে ৩০-৪০ জন সন্ত্রাসীর হামলা ও অবৈধ দখলচেষ্টা। আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীদের পরিবার। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এই হামলার অভিযোগ।
রাজধানীর বড় মগবাজার এলাকায় অবস্থিত পূবালী ব্যাংক পিএলসির অফিসার্স কোয়ার্টারে গভীর রাতে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা ও অবৈধ দখলের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এই নজিরবিহীন ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ১৯ মার্চ (বৃহস্পতিবার) দিবাগত রাতের ধারাবাহিকতায় সোমবার গভীর রাতেও প্রায় ৩০-৪০ জনের একটি সশস্ত্র ও সংঘবদ্ধ দল হঠাৎ কোয়ার্টার প্রাঙ্গণে প্রবেশ করে। তারা জোরপূর্বক স্থাপনাটি দখলের চেষ্টা চালায়। সন্ত্রাসীদের আকস্মিক এই সহিংসতায় কোয়ার্টারে বসবাসরত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের পরিবার-পরিজনের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পূবালী ব্যাংক পিএলসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, উক্ত সম্পত্তি নিয়ে বর্তমানে দেওয়ানি আদালতে মামলা বিচারাধীন রয়েছে। আদালতের আইনি প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় এভাবে পেশিশক্তি ব্যবহার করে দখলের চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক।
ব্যাংক কর্তৃপক্ষ আশঙ্কা করছে, এই হামলার ফলে কোয়ার্টারে থাকা ব্যাংকের গুরুত্বপূর্ণ স্থাপনা, সম্পদ এবং স্পর্শকাতর দলিলাদি চরম ঝুঁকির মুখে পড়েছে।
ঘটনার পরপরই পূবালী ব্যাংক কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ ও সহায়তা কামনা করেছে। তারা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছেন ভুক্তভোগী কর্মকর্তারা।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...