লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া বাসায় ঢুকে মা ও ৩ মেয়েকে কুপিয়ে হত্যা। ঢাকা নেওয়ার পথে মারা গেলেন কলেজছাত্রী ইকরা। গণপিটুনিতে নিহত ফল বিক্রেতা ঘাতকও।
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে একটি ভাড়া বাসায় ঢুকে একই পরিবারের মা ও তিন মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় পুরো জেলা জুড়ে স্তব্ধতা ও শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টার দিকে রায়পুর গোডাউন এলাকার পেছনের একটি ভবনে এই লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মা ও দুই মেয়ে নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সেজ মেয়ে ইকরাও (১৭) মৃত্যুর কোলে ঢলে পড়ে।
নিহতরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলার বাসিন্দা শাহিনুর বেগম (৩৮) এবং তাঁর তিন মেয়ে—ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমা (২০), লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ইকরা (১৭) ও ছোট মেয়ে শিফা (১০)। এদিকে, এই বর্বরোচিত ঘটনার পর পরই পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ঘাতককে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। হামলাকারী ওই ব্যক্তি রায়পুরে ফল বিক্রি করতেন এবং আট মাস আগে একই ভবনে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
ঘটনার বিবরণ দিয়ে নিহত শাহিনুর বেগমের ছেলে জুনায়েদ ইসলাম শিফাত (১৮) জানান, সকালে তিনি দোকানে কাজে যাওয়ার কিছুক্ষণ পর মা ফোন করে নাস্তার খোঁজ নেন। এরপর পুনরায় ফোন দিলে কেউ রিসিভ না করায় বাসায় ফিরে তিনি এই নারকীয় দৃশ্য দেখতে পান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাহারুল আলম জানান, গভীর জখম ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই চারজনের মৃত্যু হয়েছে। লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আবু তারেক ও সহকারী পুলিশ সুপার মো. আবদুর রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘাতকসহ মোট ৫ জন মারা গেছেন এবং এই নৃশংস হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...