ল্যাপটপ আর একটি বিশেষ ডিভাইসের ওপর হাত রাখলেই নাকি শরীরের সব রোগ ধরা পড়ে, এমনি এক অবিশ্বাস্য ও অবৈজ্ঞানিক দাবি করে দীর্ঘ ১৫ বছর ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা চালিয়ে আসছিলেন আলীমুল ইসলাম নামের এক ব্যক্তি। অবশেষে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়েছেন এই ভুয়া চিকিৎসক।
গত রবিবার (১৮ অক্টোবর) রাতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কলেজ গেট এলাকার এনএমএস ফার্মেসিতে রোগী দেখার সময় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার ব্যবহৃত ল্যাপটপসহ সমস্ত চিকিৎসা সরঞ্জাম ও ভুয়া কাগজপত্র জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আলীমুল ইসলাম দীর্ঘদিন ধরে বরিশালের সদর, উজিরপুর এবং বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রতারণা মাধ্যমে রোগী দেখতেন। বিশেষ করে বাবুগঞ্জের মাধবপাশা বাজার ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজ গেট এলাকার বিভিন্ন ফার্মেসিতে বসে নিয়মিত রোগী দেখাই ছিল তার পেশা।
আরও পড়ুন: শিক্ষকতার আড়ালে ইয়াবার কারবার! ২ হাজার পিস ইয়াবাসহ সরকারি কলেজের শিক্ষক ও তাঁর স্ত্রী আটক
নিজের নামের আগে ডা. পদবি ব্যবহার করে তিনি দাবি করতেন যে, তিনি মেডিসিন, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগের চিকিৎসায় বিশেষ অভিজ্ঞ। ব্যবস্থাপত্রে তিনি নিজের শিক্ষাগত যোগ্যতা হিসেবে এমবিইএইচ (ভারত), ডিএমএফ (ঢাকা) এবং কলকাতার নামী এনআরএস মেডিকেল কলেজ থেকে প্রশিক্ষণের কথা উল্লেখ করতেন।
তবে উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা তার ডিগ্রি ও কাগজপত্র যাচাই করে দেখতে পান যে, তার সমস্ত সনদপত্র ও যোগ্যতা সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
গত রবিবার রাত ৮টার দিকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার নেতৃত্বে এনএমএস ফার্মেসিতে একটি অভিযান পরিচালিত হয়। এ সময় অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তামিম মল্লিক ও মেডিকেল কর্মকর্তা তূর্য অধিকারী।
অভিযানকালে আলীমুল ইসলামের কাছে তার ডাক্তারি ডিগ্রির কোনো বৈধ কাগজপত্র বা বিএমডিসি (BMDC)-এর রেজিস্ট্রেশন চাওয়া হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন।
প্রতারক আলীমুল ইসলামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকায়। সাধারণ মানুষের সরলতাকে পুঁজি করে এ ধরনের ভুয়া চিকিৎসকদের অপচিকিৎসা রোধে স্থানীয় প্রশাসনের এমন তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...