দেশে ক্যান্সার গবেষণা ও আধুনিক চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। ক্যান্সার জীববিজ্ঞান গবেষণার জন্য ইতিমধ্যে একটি ‘জাতীয় আণবিক জীববিজ্ঞান গবেষণাগার’ স্থাপনের কাজ শুরু হয়েছে।
এর পাশাপাশি দেশের প্রতিটি বিভাগীয় শহরে একটি করে পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসাকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যান্সার স্টাডি (বিএসবিসিএস) আয়োজিত ‘ষষ্ঠ বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রতি বছর এই রোগে বহু নারী প্রাণ হারান। কিন্তু গবেষণায় দেখা গেছে, অধিকাংশ রোগীই ক্যান্সার মারাত্মক বা শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ার পর চিকিৎসার জন্য আসেন। ক্যান্সার যত দেরিতে ধরা পড়ে, জটিলতা তত বাড়ে এবং তা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করে।
তবে আশার কথা শুনিয়ে ড. এম এ মুহিত বলেন, ক্যান্সার এখন আর অনিবার্য কোনো মৃত্যুদূত নয়। বিশেষ করে স্তন ক্যান্সার যদি একদম প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে সঠিক চিকিৎসা দেওয়া যায়, তবে মৃত্যুর হার খুবই কম থাকে এবং রোগীরা দীর্ঘদিন সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করতে পারেন। এ জন্য নির্দিষ্ট বয়সী নারীদের নিয়মিত স্ক্রিনিং এবং ব্যাপক জনসচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
ভবিষ্যতের স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও জানান, আণবিক জীববিদ্যার আধুনিক কৌশল বিশ্বজুড়ে ক্যান্সার চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনছে। সেই ধারাবাহিকতায় জাতীয় পর্যায়ে গবেষণাগার স্থাপনের পাশাপাশি ক্যান্সার ইনস্টিটিউটগুলোর জন্য আধুনিক সরঞ্জাম সংগ্রহ এবং দেশে-বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ক্যান্সার বিশেষজ্ঞ তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...