1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
১৩ নভেম্বর, ২০২৬ দুপুর ০৪:৩০

খাবার দিতে দেরি হওয়ায় রাজধানীর মহাখালীতে ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর
খাবার দিতে দেরি হওয়ায় রাজধানীর মহাখালীতে ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর

খাবারের অর্ডার দিতে একটু দেরি হওয়াই কাল হলো! রাজধানীর মহাখালীতে ‘দূরবীন বাংলা’ নামের একটি জনপ্রিয় রেস্তোরাঁয় হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সরকারি তিতুমীর কলেজের একদল শিক্ষার্থীর বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেস্তোরাঁর কর্মচারীদের মারধর করার পাশাপাশি পুরো প্রতিষ্ঠানের কাচ ও আসবাবপত্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে।


শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রেস্তোরাঁর প্রবেশপথে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ভাঙা কাচের টুকরা। ভেতরের আসবাবপত্র সব এলোমেলো হয়ে পড়ে আছে। দুই পাশের কোনো কাচই অক্ষত নেই। স্থানীয় লোকজনের ভিড়ের পাশাপাশি গুলশান বিভাগের পুলিশ কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


ঘটনার বিবরণ দিয়ে রেস্তোরাঁর কর্ণধার সাফিন বেগ বলেন, ‘প্রথমে এক তরুণ এসে একটি খালি চেয়ারে বসে পড়েন, যেটির জন্য একটি পরিবার আগে থেকেই অপেক্ষা করছিল। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে আমাদের এক কর্মী তাকে অন্য আসনে বসার অনুরোধ করেন। এতেই ক্ষিপ্ত হয়ে সে বেরিয়ে যায় এবং কিছুক্ষণ পর লোকজন নিয়ে ফিরে এসে আমাদের কর্মীকে মারধর ও ভাঙচুর চালায়। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে।’


স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, হইচই শুনে এগিয়ে গিয়ে তিনি অন্তত এক শ তরুণকে ভাঙচুর করতে দেখেন। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে এক রিকশাযাত্রীকে জুতা দিয়ে মারধর করেন হামলাকারীরা।


খবর পেয়ে গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রুহুল কবীর খান ও বনানী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ডিসি রুহুল কবীর খান জানান, তিতুমীরের ছেলেরা এর সঙ্গে জড়িত ছিল এবং সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত রেস্তোরাঁ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১১২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...