1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
২৪ নভেম্বর, ২০২৬ বিকাল ০৬:০১

এআই চ্যাটবটকে গালাগাল করলে নিজেরই ক্ষতি। প্রতীকী ছবি: এআই
এআই চ্যাটবটকে গালাগাল করলে নিজেরই ক্ষতি। প্রতীকী ছবি: এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটকে গালাগাল করলে নিজেরই ক্ষতি হতে পারে—এমন তথ্যই সামনে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।

অপমানজনক বা আক্রমণাত্মক ভাষায় কথা বললে চ্যাটবট থেকে কাঙ্ক্ষিত ও সঠিক সমাধান পাওয়ার সম্ভাবনা কমে যায়। এর পাশাপাশি চ্যাটবটের সঙ্গে কথোপকথনে অকারণে অপমানজনক, নিষ্ঠুর বা লাগাতার আক্রমণাত্মক আচরণ নিষিদ্ধ করেছে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক, যার নতুন ব্যবহার নীতিমালা গত ১২ নভেম্বর থেকে কার্যকর হয়েছে।


এ সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে টেকরাডারের এক প্রতিবেদনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অ্যানথ্রপিকের এই পদক্ষেপের পেছনে চ্যাটবটের প্রতি নৈতিক কোনো বিবেচনা কাজ করছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রতিষ্ঠানটি এর আগে ভবিষ্যতের এআই সিস্টেমের সম্ভাব্য অনুভূতি ও নৈতিক মর্যাদা নিয়ে গবেষণা করেছে বলে জানা যায়, যা দেখে কেউ কেউ মনে করছেন এআইয়ের প্রতি আরও সংবেদনশীল ও মানবিক আচরণের দিকেই এগোচ্ছে খাতটি।


গবেষণার ফল বলছে, চ্যাটবটের সঙ্গে ভদ্র ও সংযতভাবে কথা বলা শুধু সামাজিক শিষ্টাচারের বিষয় নয়, বরং আরও কার্যকর ও নির্ভুল উত্তর পাওয়ার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখে। সে কারণে কটু কথা না বলে স্পষ্টভাবে সমস্যা তুলে ধরে সংশোধন চাইলে ব্যবহারকারীরা তুলনামূলকভাবে ভালো ফল পেতে পারেন।


বয়স ও লিঙ্গভিত্তিক চিত্রে দেখা গেছে, নারীদের তুলনায় পুরুষরা চ্যাটবটের সঙ্গে আলাপচারিতায় প্রায় এক-তৃতীয়াংশ বেশি গালাগাল বা অপমানসূচক শব্দ ব্যবহার করেন। বয়সের হিসাবে ৩৫ থেকে ৪৪ বছর বয়সীরা এ ধরনের ভাষা ব্যবহারে সবচেয়ে এগিয়ে। যুক্তরাষ্ট্রে প্রতি তিনজন চ্যাটবট ব্যবহারকারীর মধ্যে একজন এমন আচরণ করেন বলেও উল্লেখ করা হয়েছে।


বছরব্যাপী ৮০ লাখের বেশি বার্তা বিশ্লেষণ করে করা ওই গবেষণায় দেখা যায়, অসন্তুষ্ট হয়ে গালাগাল ছাড়াই অভিযোগ জানালে পরবর্তী ধাপে চ্যাটবট ৩৫ শতাংশ ক্ষেত্রে সমস্যার সমাধান করতে পারে। কিন্তু গালাগাল বা অপমান করলে সমাধানের হার কমে ২৪ শতাংশে নেমে আসে। কেন এমনটা ঘটে, তার নিশ্চিত ব্যাখ্যা না মিললেও বিশেষজ্ঞদের ধারণা, কথোপকথনের ধরন ও প্রেক্ষাপট এখানে বড় ভূমিকা রাখে। গবেষণায় ব্যবহারকারীদের বিরক্তির পেছনে নির্দেশনা অনুযায়ী কাজ না করা (১৯ শতাংশ), ভুল উত্তর দেওয়া (১৮ শতাংশ) এবং কথা বুঝতে না পারার (১৫ শতাংশ) মতো কারণগুলো উঠে এসেছে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১২৩

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...