২০২৬ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেয়ে ইউরোপের পোর্তো ছেড়ে ঘরের ক্লাব ফ্লুমিনেন্সে নাটকীয়ভাবে প্রত্যাবর্তন করলেন ব্রাজিলের সাবেক তারকা ডিফেন্ডার থিয়াগো সিলভা।
ব্রাজিলের পুরো দল যখন বর্তমানে 'হেক্সা' (ষষ্ঠ বিশ্বকাপ) জয়ের মিশনে ব্যস্ত, ঠিক তখনই নিজের চেনা 'ঘরে' ফিরে এক নাটকীয় ইতিহাস তৈরি করলেন ব্রাজিলের সাবেক তারকা ডিফেন্ডার থিয়াগো সিলভা। সেলেসাওদের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়ার জোর গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয়েছে তাঁর। তবে আন্তর্জাতিক মঞ্চে জায়গা না পেলেও ঘরের ক্লাব ফ্লুমিনেন্সে আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তন করেছেন ৪১ বছর বয়সী এই অভিজ্ঞ সেন্টার ব্যাক।
গত সোমবার থিয়াগো সিলভাকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সে। ২০২৫ সালের শেষদিকে ক্লাবটির ম্যানেজমেন্টের অনিচ্ছা সত্ত্বেও তিনি রিও ডি জেনিরোর এই দল ছেড়ে পর্তুগিজ ক্লাব পোর্তোতে পাড়ি জমিয়েছিলেন। মূলত ইংল্যান্ডে থাকা পরিবারের কাছাকাছি হওয়া এবং ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা নিশ্চিত করাই ছিল তাঁর মূল লক্ষ্য। তবে ইউরোপীয় মৌসুম শেষে পোর্তোর সঙ্গে চুক্তি বাতিল করে ফ্রি এজেন্ট হয়ে যান তিনি।
শুরুর দিকে সিলভার ফ্লুমিনেন্সে ফিরে আসা অসম্ভব মনে হয়েছিল। তিনি ইউরোপে খেলা চালিয়ে যাওয়া কিংবা বুট জোড়া তুলে রেখে কোচিং ক্যারিয়ার শুরুর কথা ভাবছিলেন। তবে ঘরের ছেলেকে ফেরাতে ফ্লুমিনেন্সে ম্যানেজমেন্ট বিশেষ 'টাস্ক ফোর্স' নামিয়ে জোর চেষ্টা চালায়। ফলশ্রুতিতে দুই পক্ষের মধ্যে ২০২৬ সালের শেষ পর্যন্ত নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পিএসজির হয়ে ৭টি লিগ ওয়ান ও চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগসহ ক্যারিয়ারে ৩৩টি শিরোপাজয়ী সিলভা ব্রাজিলের জার্সিতে ২০১৩ কনফেডারেশনস কাপ ও ২০২১ কোপা আমেরিকা জিতেছেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...