ভোলার বোরহানউদ্দিনে নির্বাচনি প্রচারণা নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে ২৭ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৭ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে জামায়াতে ইসলামীর একটি প্রচারণা দল ওই এলাকায় ভোট চাইতে গিয়ে স্লোগান দিচ্ছিল। এ সময় স্থানীয় বিএনপি কর্মী আইয়ুব তাঁর বাড়ির সামনে স্লোগান দিতে বাধা দিলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতি থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয়পক্ষের ২৭ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে জামায়াত কর্মী মো. ফয়জুল্লাহ, মো. ইমন, মো. শাহ আলম ও মো. রাতুলসহ ১২ জন এবং বিএনপি কর্মী মো. আইয়ুব, শিমু আকতার, কহেনুর আক্তার ও মো. শামীমসহ ১৫ জন রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত বিএনপি কর্মী আইয়ুবের দাবি, জামায়াত কর্মীরা জোর করে তাঁর বাড়িতে ঢুকতে চাইলে তিনি বাধা দেন, যার জেরে তাঁর ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করা হয়। বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী আজম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ১৫ নেতাকর্মী আহতের দাবি করেছেন।
অন্যদিকে, ভোলা-২ আসনে জামায়াতের প্রধান নির্বাচন পরিচালক মাকছুদুর রহমান অভিযোগ করেছেন, পূর্ব পরিকল্পিতভাবে বিএনপির কর্মীরা তাঁদের শান্তিপূর্ণ লিফলেট বিতরণে বাধা ও হামলা চালিয়েছে। এতে তাঁদের ১২ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।
ঘটনার পরপরই যৌথ বাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...