বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে ইন্টারনেট এবং আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন মাহদী আমিন। ফ্রিল্যান্সারদের জন্য পেপাল চালুর কাজ শুরু করেছে বিএনপি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করলে দেশের প্রতিটি নাগরিকের জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। একই সঙ্গে তথ্য-প্রযুক্তি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং ফ্রিল্যান্সারদের বহুল প্রতীক্ষিত ‘পেপাল’ (PayPal) সেবা চালুর কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, “বিএনপি মনে করে তথ্য-প্রযুক্তি বর্তমান যুগে বিলাসিতা নয়, বরং একটি মৌলিক অধিকার। আমরা ক্ষমতায় গেলে সবার জন্য ফ্রি ইন্টারনেট সুবিধা নিশ্চিত করব, যাতে সাধারণ মানুষের ক্ষমতায়ন ঘটে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাআল্লাহ বিএনপি জয়লাভ করবে এবং আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে আধুনিক বাংলাদেশ গড়ে তুলব।”
দেশের মেধাবী তরুণদের জন্য বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদের চেয়ারম্যান তারেক রহমান তরুণদের কর্মসংস্থান নিয়ে অত্যন্ত দূরদর্শী। আমরা আইসিটি সেক্টরে ১০ লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছি। এছাড়া ফ্রিল্যান্সাররা দীর্ঘদিন ধরে দেশে পেপাল চালুর দাবি জানিয়ে আসছেন। আমরা ক্ষমতায় যাওয়ার আগেই এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ শুরু করেছি, যাতে সরকার গঠনের পর দ্রুততম সময়ে এটি বাস্তবায়ন করা যায়।”
মাহদী আমিন আরও উল্লেখ করেন যে, মেধা পাচার রোধে মেধাবীদের জন্য দেশে ‘জুতসই’ সুযোগ-সুবিধা ও উন্নত পরিবেশ নিশ্চিত করা হবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভ করলে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করাই হবে বিএনপির মূল লক্ষ্য।
সেমিনারে আইসিটি বিশেষজ্ঞ, ফ্রিল্যান্সার প্রতিনিধি এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...