বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় পার্টির উপজেলা ও পৌর সভাপতি-সম্পাদকসহ দুই শতাধিক নেতা-কর্মী সাবেক এমপি কাজী রফিকুল ইসলামের হাত ধরে বিএনপিতে যোগদান করেছেন।
বগুড়ার সারিয়াকান্দিতে রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। উপজেলা ও পৌর জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতাসহ দুই শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার ফুলবাড়ী এলাকায় আয়োজিত এক বিশাল জনসভায় তারা ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ হন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে এই যোগদান কর্মসূচি পালিত হয়।
জাতীয় পার্টির এই দলবদলকারী বহরে রয়েছেন দলটির কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলম। এছাড়াও রয়েছেন সারিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খাজা, পৌর সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং ফুলবাড়ী ইউনিয়ন সভাপতি তহসিন আলী মেম্বারসহ যুব সংহতি ও জাপার বিভিন্ন পর্যায়ের প্রায় ২০০ নেতা-কর্মী।
নবাগতদের স্বাগত জানিয়ে কাজী রফিকুল ইসলাম বলেন, "শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ জাতীয় পার্টির নেতারা বিএনপিতে যোগ দিয়েছেন। বগুড়া-১ আসনে এখন ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে মানুষ আজ ঐক্যবদ্ধ।"
সদ্য বিএনপিভুক্ত হওয়া সাবেক জাপা নেতা অধ্যক্ষ মোকছেদুল আলম বলেন, "বগুড়া মানেই বিএনপি। শহীদ জিয়ার এই জন্মভূমিতে যা উন্নয়ন হয়েছে তা বিএনপিই করেছে। তারেক রহমানের হাত ধরে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা উপজেলা ও পৌর জাপার সর্বস্তরের নেতা-কর্মীরা আজ বিএনপিতে শামিল হয়েছি।"
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূরে আজম বাবু ও সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এই গণ-যোগদান সারিয়াকান্দি ও সোনাতলা এলাকায় জাতীয় পার্টির সাংগঠনিক ভিতকে চরম সংকটে ফেলেছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...