আগস্টে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের মৃত্যু। সবচেয়ে বেশি মৃত্যু মোটরসাইকেলে। বিস্তারিত জানুন রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে।
দেশের সড়কে গত আগস্ট মাসে প্রাণহানির মিছিল আরও দীর্ঘ হয়েছে। পুরো মাসজুড়ে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত এবং ৬৬৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬১ জন নারী ও ৫৮ জন শিশু রয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত প্রতিবেদনে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, মোট প্রাণহানির ৩৬ দশমিক ৫৯ শতাংশই ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। আগস্টে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭৬ জন, যা মোট দুর্ঘটনার ৩৫ দশমিক ৬৭ শতাংশ।
এ ছাড়া সড়ক দুর্ঘটনায় ১০২ জন পথচারী নিহত হয়েছেন (মোট মৃত্যুর ২১.২০%) এবং যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ও সংঘর্ষে ৬৭ জন চালক ও সহকারী প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন: যশোরের শার্শায় কুকুরের কামড়ে ১ মাসে আক্রান্ত প্রায় ৬০০ মানুষ
সড়কের ধরন বিশ্লেষণে দেখা গেছে, আঞ্চলিক সড়কেই সবচেয়ে বেশি ২১৭টি দুর্ঘটনা ঘটেছে। জাতীয় মহাসড়কে ১৬৩টি, শহরের সড়কে ৭১টি এবং গ্রামীণ সড়কে ৬২টি দুর্ঘটনা ঘটেছে।
সবচেয়ে বেশি ১৭২টি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে প্রাণ গেছে ১৪৪ জনের। অন্যদিকে সবচেয়ে কম ১৫টি দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে।
একক জেলা হিসেবে সর্বোচ্চ ৩৭ জন নিহত হয়েছেন বগুড়ায়। আর রাজধানী ঢাকায় ৪৮টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছেন। উল্লেখ্য, আগস্টে প্রতিদিন গড়ে ১৫ দশমিক ৫১ জন মারা গেছেন, যা জুলাইয়ের (১৩.৪১ জন) চেয়ে বেশি।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানান, বেপরোয়া গতি, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, চালকদের অদক্ষতা, দীর্ঘ কর্মঘণ্টা, ট্রাফিক আইন অমান্য এবং মহাসড়কে স্বল্পগতির যানবাহনের কারণে দুর্ঘটনা বাড়ছে।
দুর্ঘটনা কমাতে প্রযুক্তিভিত্তিক গতি নজরদারি, দক্ষ চালক তৈরি, মেয়াদোত্তীর্ণ গাড়ি প্রত্যাহার, নিরাপদ সড়ক নকশা বাস্তবায়ন এবং ট্রাফিক সচেতনতা বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...