যশোরের শার্শা ও বেনাপোলে ১ সপ্তাহে কুকুরের কামড়ে আহত ১১০ জন। আতঙ্কে বাড়ি থেকে বের হতে পারছেন না স্থানীয়রা। পড়ুন বিস্তারিত।
যশোরের শার্শা ও বেনাপোল এলাকায় হঠাৎ করেই বেওয়ারিশ কুকুরের উপদ্রব ও আক্রমণের ঘটনা মারাত্মক আকার ধারণ করেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কুকুরের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১১০ জন আহত হয়েছেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর সকাল থেকে ৭ সেপ্টেম্বর সকাল পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে এই ১১০ জন চিকিৎসা গ্রহণ করেছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আগস্ট মাসে শার্শা ও বেনাপোল সীমান্ত এলাকায় ৪৮৩ জন কুকুরের আক্রমণের শিকার হন। আর চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সাত দিনেই যুক্ত হয়েছে আরও ১১০ জন। সব মিলিয়ে গত এক মাসে মোট ৫৯৩ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌফিক পারভেজ জানান, আক্রান্ত সবাইকে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধী অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন। তিনি সবাইকে সতর্ক থাকার ও আক্রান্ত হওয়ার সাথে সাথে হাসপাতালে আসার পরামর্শ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর সকালে একদল সংঘবদ্ধ বেওয়ারিশ কুকুর আমড়াখালী এলাকার রেললাইন পার হয়ে লোকালয়ে ঢুকে পড়ে। এরপর সামনে যাকে পেয়েছে, তার ওপরই দলবেঁধে আক্রমণ চালিয়েছে। মাত্র এক ঘণ্টার ব্যবধানে কুকুরগুলো অন্তত ২০ জনকে কামড়ে মারাত্মক জখম করে।
আমড়াখালী গ্রামের বাসিন্দা মোরশেদ আলী বলেন, “কুকুরের এই অস্বাভাবিক আক্রমণে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভয়ে অনেকে বাড়ি থেকেই বের হতে পারছেন না, এমনকি শিশুদের স্কুলেও পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা।” দ্রুত এই উপদ্রব কমাতে উপজেলা প্রশাসন ও বেনাপোল পৌরসভার হস্তক্ষেপ দাবি করেন তিনি।
শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা জানান, বেওয়ারিশ কুকুরের এমন উপদ্রব সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন, “কুকুরের কামড় অত্যন্ত বিপজ্জনক। একবার জলাতঙ্ক রোগ লক্ষণ প্রকাশ পেলে মৃত্যু অনিবার্য। তাই কুকুর কামড়ালে অবহেলা না করে দ্রুততম সময়ে ভ্যাকসিন নিতে হবে। এছাড়া গৃহপালিত পোষা প্রাণীকেও নিয়মিত অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...