যাত্রাবাড়ীতে আন্দোলনকারী ইমন গাজী হত্যা মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার, সাবেক এমপি মুন্না এবং আওয়ামী লীগ নেতা মনুকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ আদালতের।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ইমন গাজী নামের এক যুবককে গুলি করে হত্যার মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ইকবাল বাহারসহ তিনজনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত আজ মঙ্গলবার পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো বাকি দুই আসামি হলেন—ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ মুন্না এবং যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমাদুল করিম আসামিদের আদালতে হাজির করে এই আবেদন জানান। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে পেশ করা প্রতিবেদনে বলা হয়, সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য তদন্তে মিলেছে। অন্যদিকে, সাবেক এমপি মুন্না ও আওয়ামী লীগ নেতা মনুর সরাসরি নির্দেশ ও মদদে ‘শুটার লিটন’ নামের একজন ইমন গাজীকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। উল্লেখ্য, এই তিন জনই অন্য মামলায় গ্রেপ্তার হয়ে আগে থেকেই কারাগারে ছিলেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ৫ আগস্ট যাত্রাবাড়ীর চিটাগাং রোডে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান ইমন গাজী। এই ঘটনায় নিহত যুবকের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে গত ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...