ভারতে আবারো বাংলাদেশি সন্দেহে মঞ্জুর আলম লস্কর নামের এক বাঙালি শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ। অন্ধ্র প্রদেশে উগ্রবাদী গোষ্ঠীর হামলা ও মুক্তিপণ আদায়ের পর এই হত্যাকাণ্ড ঘটে।
ভারতে আবারও ‘বাংলাদেশি’ তকমা দিয়ে এবং চুরির অপবাদ দিয়ে এক বাঙালি মুসলিম শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। অন্ধ্র প্রদেশের প্রকাশম জেলায় গত বুধবার (২১ জানুয়ারি) রাতে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহত ৩২ বছর বয়সী মঞ্জুর আলম লস্কর পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার উস্থি এলাকার বাসিন্দা এবং পেশায় একজন জরির কারিগর ছিলেন।
নিহত মঞ্জুরের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, তিনি গত ১০ বছর ধরে অন্ধ্র প্রদেশের কোমারোলু এলাকায় কর্মরত ছিলেন। তবে বেশ কিছুদিন ধরে স্থানীয় উগ্রবাদী কিছু গোষ্ঠী তাকে ‘বাংলাদেশি’ বলে প্রচার করে আসছিল এবং এলাকা ছাড়ার হুমকি দিচ্ছিল।
গত মঙ্গলবার (২০ জানুয়ারি) মঞ্জুরকে অপহরণ করে তাঁর স্ত্রীর কাছে ২৫ হাজার রুপি মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের পক্ষ থেকে ৬ হাজার রুপি অনলাইনে পাঠানো হলেও মঞ্জুরকে রেহাই দেওয়া হয়নি। বুধবার রাতে চুরির মিথ্যা অপবাদ দিয়ে উগ্রবাদী জনতা তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।
নিহত মঞ্জুরের ভাই এবং স্থানীয় তৃণমূল নেতা গিয়াসউদ্দিন লস্কর এই ঘটনাকে একটি ‘পূর্বপরিকল্পিত অপরাধ’ হিসেবে বর্ণনা করেছেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এখন উত্তাল উস্থি এলাকা। বর্তমানে অন্ধ্র প্রদেশে টিডিপি–জেএসপি–বিজেপি জোট সরকার ক্ষমতায় রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের কাছে নিহতের পরিবার আবেদন জানিয়েছে, যেন অন্ধ্র প্রদেশ প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে এই হত্যাকাণ্ডের একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করা হয়।
এদিকে, দক্ষিণ ভারতের চেন্নাইয়ে আলমগীর মণ্ডল (২৯) নামে আরও এক বাঙালি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আটদিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রেললাইনের পাশ থেকে তার মৃতদেহ পাওয়া যায়। রেলওয়ে পুলিশ একে দুর্ঘটনা বললেও পরিবারের দাবি, এটিও একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
ভারতে গত কয়েক মাস ধরে বাংলাদেশি সন্দেহে একের পর এক বাঙালি মুসলিম শ্রমিকের ওপর হামলার ঘটনায় সাধারণ পরিযায়ী শ্রমিকদের মধ্যে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কর্মসংস্থানের খোঁজে যাওয়া এসব মানুষ এখন নিজেদের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...