বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার বিলিয়নিয়ার রবিন খুদার প্রতিষ্ঠান এয়ারট্রাঙ্ক ২০৩০ সালের মধ্যে ভারতের ডেটা সেন্টার প্রকল্পে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
ভারতের ডিজিটাল অবকাঠামো খাতে ৩০ বিলিয়ন ডলারের (প্রায় ৩ লাখ কোটি রুপি) এক বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে এয়ারট্রাঙ্ক (AirTrunk)। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হলেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার স্বনামধন্য বিলিয়নিয়ার রবিন খুদা। ২০৩০ সালের মধ্যে এই বিশাল পুঁজি ভারতের ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতের উন্নয়নে ব্যয় করা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে রবিন খুদার একটি সফল বৈঠকের পর এই আনুষ্ঠানিক ঘোষণা আসে।
৫ গিগাবাইট ডেটা সেন্টার তৈরি ও মোদির সাধুবাদ
এয়ারট্রাঙ্কের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ২০৩০ সালের মধ্যে তারা ভারতজুড়ে প্রায় ৫ গিগাবাইট (GW) সক্ষমতার হাইপারস্কেল ডেটা সেন্টার নেটওয়ার্ক তৈরি করবে। এই ঐতিহাসিক বিনিয়োগের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) রবিন খুদার সাথে ছবি শেয়ার করে লিখেছেন, “এটি ভারতের ডিজিটাল অবকাঠামো ইকোসিস্টেমে প্রস্তাবিত অন্যতম বৃহত্তম বিনিয়োগ। এই ধরণের বিনিয়োগ ক্লাউড কম্পিউটিং ও এআইয়ের বৈশ্বিক কেন্দ্র হিসেবে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি এটি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে, স্থানীয় সরবরাহ শৃঙ্খলকে সমৃদ্ধ করবে এবং উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।”
এই মেগা প্রকল্পের সিংহভাগ বিনিয়োগ করা হচ্ছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে। চলতি সপ্তাহেই মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস জানান, এয়ারট্রাঙ্ক তাদের রাজ্যে প্রায় ২ ট্রিলিয়ন রুপি ব্যয়ে একটি ৩ গিগাবাইটের বিশাল ডেটা সেন্টার হাব তৈরি করতে যাচ্ছে। মুম্বাইয়ের অদূরে রায়গড়ে এই প্রকল্পের জন্য ইতোমধ্যে জমিও অধিগ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।
কে এই রবিন খুদা?
ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা ঢাকার শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও হারম্যান মেইনার কলেজ থেকে শিক্ষা জীবন শেষ করেন। ১৯৯৭ সালে তিনি উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া পাড়ি জমান। ২০১৫ সালে তিনি সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে ডেটা সেন্টার কোম্পানি ‘এয়ারট্রাঙ্ক’ প্রতিষ্ঠা করেন। বর্তমানে অস্ট্রেলিয়া, হংকং, জাপান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলজুড়ে এয়ারট্রাঙ্কের বিশাল সাম্রাজ্য রয়েছে।
২০২৪ সালে বৈশ্বিক বিনিয়োগকারী সংস্থা ব্ল্যাকস্টোন এবং কানাডা পেনশন বোর্ড ১৬ বিলিয়ন ডলারে এয়ারট্রাঙ্ক অধিগ্রহণ করলেও রবিন খুদা এখনও কোম্পানিটির সিইও এবং গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব ধরে রেখেছেন। ফোর্বসের রিয়েল-টাইম ডেটা অনুযায়ী, বর্তমানে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলারের সম্পদের মালিক রবিন খুদা অস্ট্রেলিয়ার শীর্ষ ধনীদের অন্যতম।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...