profile
নিউজ টাইম
২১ জানুয়ারী, ২০২৬ দুপুর ০৪:৪৪

নারী উদ্যোক্তা জরিনা বেগম।ছবি: সংগৃহীত
নারী উদ্যোক্তা জরিনা বেগম।ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়ার জরিনা বেগম দারিদ্র্য জয় করে সফল কোয়েল খামারি ও উদ্যোক্তা হয়েছেন। ৮০০ টাকা থেকে শুরু করে এখন তাঁর খামারের মূলধন ১২ লাখ টাকা।

দারিদ্র্য ও নিরক্ষরতা কোনো কিছুই দমাতে পারেনি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার জিগাতলা গ্রামের জরিনা বেগমকে। পাহাড়ঘেঁষা প্রত্যন্ত গ্রামের এক সাধারণ গৃহবধূ থেকে তিনি আজ এলাকায় সফল নারী উদ্যোক্তার অনন্য উদাহরণ। মাত্র ৮০০ টাকার সঞ্চয় নিয়ে শুরু করা তাঁর ব্যবসায়িক মূলধন এখন দাঁড়িয়েছে প্রায় ১২ লাখ টাকায়, যেখান থেকে মাসে আয় হচ্ছে লক্ষাধিক টাকা।


জন্ম থেকেই অভাবের সঙ্গে লড়াই করা জরিনার ছিল না কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। তবে অদম্য ইচ্ছাশক্তিতে ভর্তি হন বয়স্ক শিক্ষা স্কুলে। সেখানেই একদিন বইয়ের পাতায় পড়েন—নারীরা ঘরে বসে সেলাই ও হাঁস-মুরগি পালন করে স্বাবলম্বী হতে পারেন। সেই গল্পই বদলে দেয় তাঁর জীবনদর্শন। এক প্রতিবেশীর কাছে সেলাই কাজ শেখেন এবং মায়ের ছাগল বিক্রির টাকা ও নিজের জমানো ৮০০ টাকা দিয়ে একটি সেলাই মেশিন কিনে শুরু করেন কাপড়ের ব্যবসা।


ব্যবসায়িক পরিধি বাড়াতে জরিনা যুক্ত হন ‘ফ্রেন্ডশিপ ফারমার্স ক্লাবে’। সেখান থেকে আধুনিক কৃষি ও কেঁচো সার উৎপাদনের প্রশিক্ষণ নেন। ৩ হাজার টাকা দিয়ে শুরু করা কেঁচো সারের প্রকল্প থেকে প্রথমবারই ১৭ হাজার টাকা আয় করেন তিনি। বর্তমানে তাঁর খামারে ৪০ মণ সার উৎপাদন হচ্ছে।


জরিনা বেগমের কয়েল পাখির খামার


তবে জরিনার ভাগ্যের চাকা সবচেয়ে বেশি ঘোরে ২০২২ সালে ইউটিউবে কোয়েল পাখি পালনের ভিডিও দেখার পর। ৫০০ কোয়েল দিয়ে শুরু করা সেই খামারে এখন পাখির সংখ্যা সাড়ে ছয় হাজার। প্রতিদিন ৫ হাজার ডিম সংগ্রহ করে স্থানীয় বাজার ও ঢাকায় বিক্রি করেন তিনি, যা থেকে দৈনিক আয় হয় অন্তত ৫ হাজার টাকা।


জরিনা বেগম আজ শুধু নিজের ভাগ্যই বদলাননি, তৈরি করেছেন অন্যের কর্মসংস্থানও। তাঁর খামারে ১২ হাজার টাকা বেতনে কাজ করছেন একজন কর্মী। বেকার তরুণ-তরুণীরা এখন তাঁর কাছে আসেন পরামর্শ নিতে। সফল এই উদ্যোক্তা বলেন, "৫ কন্যা সন্তান নিয়ে খুব কষ্টে ছিলাম। এখন আমি স্বাবলম্বী। সরকারি ঋণ পেলে ভবিষ্যতে একটি বড় গরুর খামার গড়ে তুলতে চাই।"


স্থানীয় ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন, "জরিনা বেগম স্বল্প পুঁজিতে লড়াই করে সফল হয়েছেন। তাকে দেখে এখন এলাকার অনেক মানুষ উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছে।"

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৪

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...