অভিনেত্রী অপু বিশ্বাসের ওটিটি অভিষেক হতে যাচ্ছে কামরুজ্জামান রোমানের থ্রিলারধর্মী ওয়েব ফিল্ম 'শিকার'। ভিন্নধর্মী গল্পের এই সিনেমাটির বড় একটি অংশের চিত্রধারণ করা হবে নেপালে
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে রূপালি পর্দার ব্যস্ততা কাটিয়ে নাম লেখাতে যাচ্ছেন ওটিটি প্ল্যাটফর্মে। কামরুজ্জামান রোমানের পরিচালনায় ‘শিকার’ নামক একটি ওয়েব ফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। ভিন্নধর্মী গল্পের এই সিনেমাটির বড় একটি অংশের চিত্রধারণ করা হবে নেপালের মনোরম লোকেশনে।
‘শিকার’ ওয়েব ফিল্মটি নির্মিত হচ্ছে রেজা ফিল্মসের ব্যানারে। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন জনপ্রিয় চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু। সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে দেখা যাবে অভিনেতা পলাশকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রাশেদ মামুন অপু, বড়দা মিঠুসহ আরও অনেকে।
পরিচালক কামরুজ্জামান রোমান জানিয়েছেন, সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী মার্চ মাসে পুরো টিম নিয়ে নেপালে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে টানা শুটিংয়ের মাধ্যমে সিনেমার বড় অংশের কাজ শেষ করা হবে। অপু বিশ্বাসকে ওটিটির দর্শকদের সামনে একদম নতুন এবং ভিন্নধর্মী একটি লুকে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
নির্মাতা সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করে অপু বিশ্বাস বলেন, “কামরুজ্জামান রোমান খুবই মেধাবী একজন নির্মাতা। তিনি গল্প ও নির্মাণ—দুটো দিকেই অনেক যত্ন নেন। এই ওয়েব ফিল্মের গল্পটি একদম আলাদা, যা দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।”
ওটিটির পাশাপাশি বড় পর্দার কাজেও সরব রয়েছেন অপু। বর্তমানে তিনি বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ এবং কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘ বিরতি কাটিয়ে অপুর এই রাজকীয় প্রত্যাবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...