profile
নিউজ টাইম
২৯ ডিসেম্বর, ২০২৫ বিকাল ০৭:৪২

রংপুর তারাগঞ্জের আলোচিত ঘটনা
রংপুর তারাগঞ্জের আলোচিত ঘটনা

২০২৫ সালে রংপুরের তারাগঞ্জ উপজেলায় ঘটে যাওয়া ৫টি আলোচিত ঘটনা। গণপিটুনিতে দুই রবিদাস হত্যা থেকে শুরু করে মুক্তিযোদ্ধা দম্পতি খুন— ফিরে দেখা বছরের আলোচিত ট্র্যাজেডি

উত্তরাঞ্চলের আয়তনে ক্ষুদ্রতম উপজেলা রংপুরের তারাগঞ্জ। ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এই শান্ত জনপদ ২০২৫ সালে বেশ কিছু নৃশংস হত্যাকাণ্ড ও অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে বারবার শিরোনামে এসেছে। বছরের শেষে এসে সেই আলোচিত ঘটনাগুলো যা দেশবাসীকে নাড়া দিয়েছে, তা তুলে ধরা হলো:


১. চোর সন্দেহে দুই রবিদাসকে গণপিটুনিতে হত্যা


৯ আগস্ট উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটেরতলা এলাকায় ঘটে এক মর্মান্তিক ঘটনা। ভাগ্নি জামাতা প্রদীপ রবিদাসকে নিয়ে বাড়ি ফেরার পথে মুচি রুপলাল রবিদাসকে চোর সন্দেহে আটক করে স্থানীয়রা। বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে তাদের ওপর অমানবিক গণপিটুনি চালানো হলে ঘটনাস্থলেই রুপলাল মারা যান এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রদীপ। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অবহেলার অভিযোগে ৬ সদস্যকে ক্লোজ করা হয় এবং ভিডিও ফুটেজ দেখে ১১ জনকে আটক করা হয়েছে।


২. নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা দম্পতি খুন


৭ ডিসেম্বর কুর্শা ইউনিয়নের রহিমাপুরের চাকলা গ্রামে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী সুর্বণা রায় পুষ্পাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দম্পতির দুই ছেলেই পুলিশে কর্মরত। বাড়িতে একাকী থাকার সুযোগে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। পুলিশ এ ঘটনায় মোরসালিন নামের একজনকে ঘাতক হিসেবে শনাক্ত করে আটক করেছে।


৩. নিজের মায়ের হাতে ৬ মাসের শিশু খুন


১৫ সেপ্টেম্বর কুর্শা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিজের ৬ মাসের শিশুকন্যা জুহি রানীকে নিজ হাতে গলা কেটে হত্যা করেন মা তুলসি রানী। পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিতে তিনি জানান, শিশুর যত্নের কারণে তিনি ঠিকমতো কাজ করতে ও খেতে পারছিলেন না বলেই এমন চরম সিদ্ধান্ত নেন।


৪. দুই ইরানি পর্যটককে মারধর ও ছিনতাই


২ জুন তারাগঞ্জে ঘুরতে আসা দুই ইরানি পর্যটক হোসেইন সেলিম রেজা ও তাঁর স্ত্রী ইয়াজদানজো ইয়াসমিনকে মারধর করে বিদেশি মুদ্রা ও মোবাইল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। গুগল ম্যাপ দেখে ড্রাইভ করতে গিয়ে তারা ভুল করে তারাগঞ্জে ঢুকে পড়েছিলেন। সেনাবাহিনীর টহল দল দ্রুত অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ডলার, পাসপোর্ট ও মোবাইলসহ ৪ জনকে আটক করে।


৫. পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ভ্যান ছিনতাই ও হত্যা


২৯ জুলাই সয়ার ইউনিয়নের বুড়িরহাট এলাকায় ইফরান বাবু নামের এক মেধাবী শিশুকে গলা কেটে হত্যা করা হয়। দিনমজুর বাবার অভাবের সংসারে ভ্যান চালিয়ে সহযোগিতা করতে বের হয়েছিল ইফরান। দুর্বৃত্তরা তার ভ্যানটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে কুর্শা ইউনিয়নের বুড়াপীরের ডাঙ্গা এলাকায় নিয়ে নৃশংসভাবে হত্যা করে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৭৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...