এক নারীর ছবি ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগে মো. ওমর ফারুক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নড়াইলের কালিয়া থানা পুলিশ।
এক নারীর ছবি ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগে মো. ওমর ফারুক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নড়াইলের কালিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ওমর ফারুক ইসলামিক ফাউন্ডেশনের একটি প্রকল্পের গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ওমর ফারুক কালিয়া উপজেলার বড় কালিয়া গ্রামের মৃত শাহাজান শেখের ছেলে। তিনি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের কালিয়া উপজেলা তত্ত্বাবধায়ক (চুক্তিভিত্তিক) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মতো দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির এমন অপরাধে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, ওমর ফারুক এক গৃহবধূর ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খোলেন। বিশ্বাসযোগ্যতা বাড়াতে তিনি ওই নারীর পারিবারিক ছবিও ব্যবহার করতেন। এরপর ভুক্তভোগীর আত্মীয়-স্বজন ও পরিচিতদের ইনবক্সে বার্তা পাঠিয়ে চাকরি দেওয়ার প্রলোভন কিংবা অভাবের কথা বলে টাকা চাইতেন।
সর্বশেষ ওই ভুয়া আইডি থেকে ভুক্তভোগী গৃহবধূর নিজের ভাইয়ের কাছেই ১০ হাজার টাকা চাওয়া হয়। টাকা পাঠানোর জন্য একটি মোবাইল ব্যাংকিং এজেন্টের নম্বর দেওয়া হয়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ভুক্তভোগী পরিবার কালিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে এবং তাঁকে আটক করে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, “আটককৃত ব্যক্তির মোবাইল ফোনে প্রতারণার অসংখ্য আলামত পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেছেন। পর্নোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।”
সাইবার জগতের নিরাপত্তায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ছবি ও তথ্য শেয়ার করার ক্ষেত্রে নাগরিকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...