দীর্ঘ ১৯ বছর পর বাবা শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন তারেক রহমান। চন্দ্রিমা উদ্যানে আবেগঘন পরিবেশে শ্রদ্ধা নিবেদন শেষে রওনা হলেন সাভার স্মৃতিসৌধের পথে।
দীর্ঘ ১৯ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার বিকেলে নিজের বাবা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে (চন্দ্রিমা উদ্যান) গিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।
সর্বশেষ ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে বাবার কবরে শ্রদ্ধা জানিয়েছিলেন তারেক রহমান। এরপর ২০০৭ সালের রাজনৈতিক পটপরিবর্তন, কারাবাস এবং ২০০৮ সালে লন্ডনে পাড়ি জমানোর পর এই প্রথম তিনি সরাসরি জিয়ার উদ্যানে যাওয়ার সুযোগ পেলেন। প্রিয় নেতাকে দেখতে এদিন চন্দ্রিমা উদ্যান এলাকায় হাজার হাজার নেতাকর্মী ভিড় জমান।
শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে গুলশানের বাসভবন থেকে লাল-সবুজ রঙের একটি বুলেট প্রুফ বাসে করে তারেক রহমানের গাড়িবহর রওনা হয়। বিকেল ৪টা ৪২ মিনিটে তিনি জিয়া উদ্যানে পৌঁছান। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন। এসময় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, বাবার কবর জিয়ারত শেষ করে তারেক রহমান সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার উদ্দেশ্যে সপরিবারে লন্ডন যাওয়ার পর দীর্ঘ ১৭ বছর প্রবাসে কাটিয়ে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। ২০০৭ সালে গ্রেফতার এবং দীর্ঘ কারাবাসের পর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...