বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে দুই চীনা নাগরিককে বহিষ্কার ও কালো তালিকাভুক্ত করেছে সরকার। অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স
বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের ভিসা নিয়ম লঙ্ঘন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত দুই চীনা নাগরিককে কালো তালিকাভুক্ত করে অবিলম্বে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।
বহিষ্কৃত দুই চীনা নাগরিক হলেন— ইয়ংজুন সং এবং হুয়ানমিং হুয়াং। সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার তদন্তে প্রমাণিত হয়েছে যে, তাঁরা ব্যবসার আড়ালে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং অননুমোদিত তথ্য আদান-প্রদানে জড়িত ছিলেন। তাঁদের সহায়তাকারী স্থানীয় প্রতিষ্ঠান ‘জেএইচপি ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড’ এবং দোভাষী মো. কাওসারের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৪৬ সালের ‘দ্য ফরেন অ্যাক্ট’-এর ৩(১) ধারার আওতায় তাঁদের ভবিষ্যতে বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই নাগরিকরা অফিশিয়াল ভিসার শর্ত ভঙ্গ করে জাতীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের চেষ্টা করছিলেন। বিশ্লেষকদের মতে, বিদেশি বিনিয়োগের আড়ালে এমন গোয়েন্দা তৎপরতা রাষ্ট্রের জন্য বড় হুমকি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে এখনও প্রায় ৩৩ হাজার বিদেশি নাগরিক বৈধ অনুমতি ছাড়াই অবস্থান করছেন। ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত প্রায় ১২ হাজার অবৈধ বিদেশিকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইমিগ্রেশন পুলিশ, এনএসআই এবং বিজিবি-র সমন্বয়ে ১১ সদস্যের একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করা হয়েছে।
আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক রুহুল আমিন বলেন, "বিনিয়োগ প্রয়োজন, তবে জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না।" অন্যদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. গাজী সিরাজুল ইসলাম জানান, কালো তালিকাভুক্ত করার মাধ্যমে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে যে, রাষ্ট্রীয় স্বার্থ পরিপন্থী যেকোনো কার্যকলাপে জড়িত বিদেশিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
২০২৫ সালের নভেম্বরে খাগড়াছড়িতে অনুমতি ছাড়া চীনা নাগরিকদের প্রবেশের ঘটনার রেশ কাটতে না কাটতেই এই বহিষ্কারের সিদ্ধান্ত দেশের অভিবাসন নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ইঙ্গিত দিচ্ছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...