নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে 'ফ্যামিলি কার্ড' চালুর উদ্যোগ নিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। আগামী ঈদুল ফিতরের আগেই মিলবে ভর্তুকিমূল্যে পণ্য।
নতুন সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশাসন। এই লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এক উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন স্বয়ং প্রধানমন্ত্রী।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি জানান, জনস্বার্থ রক্ষায় সরকার এই প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আগামী ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে বা পাইলট প্রকল্প হিসেবে নির্দিষ্ট কিছু এলাকায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু করা হবে। সফলতার ভিত্তিতে পরবর্তীতে এটি সারাদেশে সম্প্রসারণ করা হবে।
ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য হলো দেশের নিম্ন ও মধ্যআয়ের পরিবারগুলোকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য থেকে স্বস্তি দেওয়া। এই কার্ডধারীরা বিশেষ ভর্তুকিমূল্যে সরকারের নির্দিষ্ট পয়েন্ট থেকে চাল, ডাল, তেলসহ অন্যান্য পণ্য সংগ্রহ করতে পারবেন। একইসঙ্গে সামাজিক সুরক্ষা কর্মসূচির বিভিন্ন সুবিধাও এই কার্ডের সাথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সভায় উপস্থিত কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, বর্তমানে উপকারভোগীদের সঠিক তালিকা তৈরি ও তথ্য যাচাইয়ের কাজ চলছে। কোনো ধরনের জালিয়াতি রোধে এতে ডিজিটাল ডেটাবেজ ও আধুনিক প্রযুক্তিগত অবকাঠামো ব্যবহার করা হবে। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন ও অর্থায়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
প্রথম মন্ত্রিসভা বৈঠকের পরদিনই এই বড় ধরনের সামাজিক সুরক্ষা প্রকল্পের সভা সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার সদিচ্ছাকেই ফুটিয়ে তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...