দৈনিক সময়ের আলোর নতুন উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব নিলেন বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান। আমিন মোহাম্মদ গ্রুপের প্রধান কার্যালয়ে নিয়োগপত্র গ্রহণের পর তিনি কাজে যোগ দেন।
দেশের শীর্ষস্থানীয় দৈনিক ‘সময়ের আলো’ পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে পত্রিকাটির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে দুপুরে ধানমন্ডিতে আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ শায়রুল কবির খানের হাতে নিয়োগপত্র তুলে দেন। এসময় আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ তানভীরুল ইসলাম, সময়ের আলোর প্রকাশক ফয়সাল আরা ফেরদৌস, চিফ অপারেটিং অফিসার মুনিফ আম্মার এবং চিফ বিজনেস অফিসার এহসানুল হাবীব সাদী উপস্থিত ছিলেন। পরবর্তীতে পত্রিকা কার্যালয়ে পৌঁছালে ভারপ্রাপ্ত সম্পাদক শাহনেওয়াজ করিমসহ সহকর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
নেত্রকোনার কৃতি সন্তান শায়রুল কবির খান ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার সাথে যুক্ত। তাঁর পেশাজীবন শুরু হয় ‘দৈনিক দিনকাল’ পত্রিকার মাধ্যমে। তিনি নেত্রকোনা প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা। সাংবাদিকতার পাশাপাশি তিনি দীর্ঘ সময় ধরে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এবং বর্তমানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মিডিয়া সেলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। একজন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক হিসেবেও তাঁর বিশেষ পরিচিতি রয়েছে। মুক্তিযুদ্ধের ওপর তাঁর নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্রের মোড়ক উন্মোচন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
নতুন দায়িত্ব গ্রহণ করে শায়রুল কবির খান বলেন, “আমি সাংবাদিকতা ও লেখালেখির মাধ্যমে দেশ ও জাতির সেবায় নিজেকে সক্রিয় রাখতে চাই। বর্তমান প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের আলো সুস্থ ধারার সাংবাদিকতার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।”
সময়ের আলো পরিবার তাঁর আগমনে নতুন উদ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...