২০২৬-২৭ অর্থবছরের বাজেটে পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি ও ই-বাইক উৎপাদনে ২০৩১ সাল পর্যন্ত বড় শুল্ক-কর ছাড়ের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
দেশে পরিবেশবান্ধব গ্রিন ট্রান্সপোর্ট বা ইলেকট্রিক গাড়ি (ইভি) উৎপাদন শিল্পে বিদেশি ও দেশীয় বিনিয়োগ আকৃষ্ট করতে বড় ধরনের শুল্ক-কর ছাড়ের ঐতিহাসিক প্রস্তাব দিয়েছে সরকার। নতুন বাজেটে ইলেকট্রিক কারের পাশাপাশি ই-বাইক, ইলেকট্রিক বাস, ট্রাক এবং দেশজুড়ে চার্জিং অবকাঠামো বা স্টেশন তৈরির ক্ষেত্রেও বিশেষ এই কর-সুবিধা দেওয়ার বড় উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিশেষ আর্থিক সুবিধা আগামী ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত অর্থাৎ দীর্ঘ ৫ বছর বহাল থাকবে।
আরও পড়ুন: প্রস্তাবিত জাতীয় বাজেটে সব ধরনের সিগারেটের দাম বাড়ানোর ঘোষণা
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত মেগা বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পরিবেশবান্ধব পরিবহনের এই নতুন রূপরেখা ঘোষণা করেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, “জীবাশ্ম জ্বালানিনির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি উৎপাদন এবং এর জরুরি যন্ত্রাংশ দেশীয়ভাবে তৈরির লক্ষ্যে নতুন করে এই শুল্ক-কর রেয়াতি সুবিধা চালু করা হচ্ছে।”
বাজেট প্রস্তাব অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান চার চাকা ও তিন চাকার বিদ্যুৎচালিত যানবাহনের বডি তৈরি, ওয়েল্ডিং, পেইন্টিং ও ফুল অ্যাসেম্বলিংয়ের মাধ্যমে স্থানীয় পর্যায়ে উচ্চ মূল্য সংযোজন (হাই ভ্যালু অ্যাড) করবে, তারা পার্টস ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে মাত্র ৩ শতাংশ আমদানি শুল্ক ছাড়া অন্য সব ধরনের শুল্ক-কর থেকে শতভাগ অব্যাহতি পাবে। অন্যদিকে যেসব কোম্পানি পার্টস সংযোজন ও সাধারণ পেইন্টিংয়ের মাধ্যমে কম মূল্য সংযোজন করবে, তাদের জন্য ১৫ শতাংশ আমদানি শুল্ক বহাল রেখে বাকি সব শুল্ক-কর মওকুফের প্রস্তাব করা হয়েছে।
পাশাপাশি দেশীয় ই-বাইক বা ইলেকট্রিক মোটরসাইকেল উৎপাদন ও সংযোজন শিল্প চাঙ্গা করতে স্থানীয় যন্ত্রাংশ উৎপাদনকারী ভেন্ডর প্রতিষ্ঠানগুলোকেও কাঁচামাল আমদানিতে বিশেষ রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয়ভাবে পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস ও ট্রাক উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতে ৫ শতাংশ অগ্রিম ভ্যাট ছাড়া অন্য সব শুল্ক প্রত্যাহার করা হয়েছে। একই সাথে ইলেকট্রিক বাস, ট্রাক ও ইভি চার্জিং স্টেশন আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৫ শতাংশ উৎসে কর সম্পূর্ণ প্রত্যাহার করার যুগান্তকারী প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...