শেয়ারবাজার কারসাজির মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান ও তাঁর মাসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। ২০ মে নতুন তারিখ নির্ধারণ করেছেন ঢাকা আদালত।
শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান এবং তাঁর মা শিরিন আক্তারসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ২০ মে’র মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য থাকলেও দুর্নীতি দমন কমিশন (দুদক) তা দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ নতুন এই তারিখ নির্ধারণ করেন। দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৫ সালের ১৭ মে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগ অনুযায়ী, আসামিরা নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিও অ্যাকাউন্টের মাধ্যমে অবৈধ সিরিজ ট্রানজেকশন ও প্রতারণামূলক ট্রেডিংয়ের মাধ্যমে কৃত্রিমভাবে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম বৃদ্ধি করেন। এই কারসাজির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের প্রতারিত করে মোট ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের (হিরু) এই কারসাজির প্রধান কারিগর। তাঁর ১৭টি ব্যাংক অ্যাকাউন্টে ৫৪২ কোটি ৩১ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে। তদন্তে দেখা যায়:
হিরু কর্তৃক কারসাজিকৃত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং সোনালী পেপারের শেয়ারে সাকিব আল হাসান সরাসরি বিনিয়োগ করেছিলেন।
সাকিব এই ‘মার্কেট ম্যানিপুলেশনে’ সরাসরি সহায়তা করে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা ‘রিয়ালাইজড ক্যাপিটাল গেইন’-এর নামে আত্মসাৎ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সাকিব ও তাঁর মা ছাড়াও মামলায় অন্য আসামিরা হলেন—আবুল খায়ের (হিরু), তাঁর স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজি ফরিদ হাসান, জাভেদ এ মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির ও তানভীর নিজাম।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...