বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এবং বিসিকের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করতে ৫ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় দেশের টেকসই উন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর যৌথ উদ্যোগে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। শনিবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ৩-এর ২০১ নম্বর কক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই যুগোপযোগী প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।
বিসিকের স্বনামধন্য প্রতিষ্ঠান বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ যৌথভাবে এই বিশেষ মেগা কর্মসূচির আয়োজন করেছে। বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ রফিউল আজম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নূর আলম সিদ্দিক, মার্কেটিং বিভাগের অধ্যাপক শেখ মাজেদুল হক এবং রংপুরের বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মো. রকিবুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তাশক্তি, ব্যবসায়িক দক্ষতা ও উদ্যোক্তা মানসিকতার বিকাশ ঘটাতে পারলে একটি সক্ষম ও আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে। এই লক্ষ্যকে সামনে রেখেই বিসিক দীর্ঘদিন ধরে দেশব্যাপী দক্ষ উদ্যোক্তা তৈরির কাজ করে যাচ্ছে।
পাঁচ দিনব্যাপী এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিটির কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিআই) সহযোগী অনুষদ সদস্য মো. তানজিম হোসেন। এছাড়া কোর্স সমন্বয়কারী হিসেবে যুক্ত আছেন সহকারী অনুষদ সদস্য মিফতাহুল জান্নাত রিপা এবং মো. জুবায়ের ইসলাম। আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১৭ জুন ২০২৬ পর্যন্ত চলমান এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী তরুণ শিক্ষার্থীরা একটি সফল ব্যবসা গড়ে তোলার বিভিন্ন ব্যবহারিক ও কারিগরি দিক সম্পর্কে সম্যক ধারণা পাবেন, যার মধ্যে রয়েছে—ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, উদ্যোগ ব্যবস্থাপনা, বিপণন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা এবং নেতৃত্ব উন্নয়ন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...