আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শিবগঞ্জের ৮ নম্বর বিনোদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে এক প্রাণবন্ত উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফার্মাসিস্ট মো. সাউথ উদ্দীন।
সম্প্রতি আয়োজিত এই সুধী সমাবেশে তিনি এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত নানা সমস্যা তুলে ধরে বিনোদপুরকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও স্বাবলম্বী ইউনিয়ন হিসেবে গড়ে তোলার বিস্তারিত ইশতেহার ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উঠান বৈঠকে সাউথ উদ্দীন বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই ইউনিয়নের প্রধান সমস্যাগুলোর অন্যতম হলো—ভঙ্গুর সড়ক যোগাযোগ ব্যবস্থা, স্থায়ী জলাবদ্ধতা, তরুণদের বেকারত্ব এবং কাঙ্ক্ষিত নাগরিক সেবার তীব্র ঘাটতি। তিনি সাফ জানান, সর্বস্তরের জনগণের ভালোবাসায় নির্বাচিত হতে পারলে তিনি কেবল আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে এসব সমস্যার টেকসই সমাধান নিশ্চিত করবেন।
শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়ে সাউথ উদ্দীন বলেন, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া এবং উচ্চশিক্ষায় আগ্রহীদের সহযোগিতা করা হবে। বেকার তরুণদের দক্ষতা উন্নয়নে ইউনিয়নে একটি মিনি আইটি সেন্টার স্থাপন, খেলাধুলার প্রসার এবং মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম চালুর পরিকল্পনাও রয়েছে তাঁর। এ ছাড়া বন্ধ হয়ে যাওয়া মক্তব কার্যক্রম পুনরায় চালু করার কথা জানান তিনি।
স্থানীয় বিরোধ নিষ্পত্তি ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আনতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে পরামর্শক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন এই প্রার্থী। ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর জনসমক্ষে প্রকাশ এবং সরকারি অর্থের ব্যবহারে অনিয়ম বন্ধের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি ২০২৭ থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...