বাসে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের পুলিশের হাতে তুলে দিতে পারলে প্রত্যেককে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণঅধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
নুরুল হক নুর বলেন, যারা বাসে আগুন দিচ্ছে ও ককটেল নিক্ষেপ করছে, তাদের ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে। এসব কর্মকাণ্ডে কারা সহযোগিতা করছে, সে তথ্যও পুলিশকে দেওয়ার আহ্বান জানান তিনি।তিনি বলেন, জনগণের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া বাংলাদেশকে স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়।
আলোচনা সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে নুর বলেন, সেদিন সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করতে না পারলে বাংলাদেশের ইতিহাস ভিন্ন দিকে মোড় নিতে পারত।
তিনি অভিযোগ করেন, ৩ নভেম্বরের জেলহত্যাকাণ্ডের জন্য জিয়াউর রহমানকে দায়ী করার রাজনৈতিক বয়ান সঠিক নয়। আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্যে ইতিহাস বিকৃত করে জাতিকে বিভক্ত করেছে বলেও মন্তব্য করেন তিনি।আওয়ামী লীগের দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে নুর বলেন, ৫ আগস্টের পর দলটির কার্যকর রাজনৈতিক অস্তিত্ব নেই। আগস্ট বা ডিসেম্বরে ফিরে আসার বক্তব্য হাস্যকর ও বিভ্রান্তিকর।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ টেনে নুর বলেন, জনগণের সমর্থন নিয়ে সরকার ক্ষমতায় এসেছে। তাই যেকোনো অপশক্তি মোকাবিলায় জনগণকে সঙ্গে রাখতে হবে। জামায়াত ও এনসিপিসহ বিরোধী দলগুলোর প্রতি প্রতিটি জেলা ও উপজেলায় কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।
শ্রমিকদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। বেতনের পাশাপাশি স্বাস্থ্যসেবা ও পরিবারের জন্য রেশনিং ব্যবস্থার বিষয়েও সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এ ছাড়া ঢাকার ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, হকারদের পুনর্বাসনের পাশাপাশি যানজট ও জনদুর্ভোগ কমাতে এ ধরনের উদ্যোগে বিরোধী দলগুলোর সহযোগিতা করা উচিত।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...