1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
২ নভেম্বর, ২০২৬ বিকাল ০৭:০৮

সোমবার (২ নভেম্বর) গেন্ডারিয়ার ঘুণ্টিঘর সংলগ্ন উচ্ছেদ এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
সোমবার (২ নভেম্বর) গেন্ডারিয়ার ঘুণ্টিঘর সংলগ্ন উচ্ছেদ এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

রাজধানী ঢাকার গেন্ডারিয়া এলাকার দীর্ঘদিনের চেনা রূপ এক লহমায় বদলে যেতে শুরু করেছে। রেললাইনসংলগ্ন যে অঞ্চলটি এতদিন চিহ্নিত ছিল মাদকের গোপন আস্তানা হিসেবে, সেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সেখানে নির্মিত হতে যাচ্ছে ২৬ ফুট চওড়া এক আধুনিক প্রশস্ত সড়ক।

সোমবার (২ নভেম্বর) গেন্ডারিয়ার ঘুণ্টিঘর সংলগ্ন উচ্ছেদ এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।


সংসদ সদস্য জানান, রেললাইনের পাশের সরকারি জমিতে অবৈধ অবকাঠামো গড়ে তুলে প্রায় আড়াই কিলোমিটার এলাকাজুড়ে একটি সুসংগঠিত মাদকের সাম্রাজ্য গড়ে তোলা হয়েছিল। সেখানে নিয়মিত মাদক কেনাবেচা, আড্ডা ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চলত। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে শ্যামপুর ও গেন্ডারিয়া অংশে উচ্ছেদ অভিযান জোরদার করা হয়েছে।


২৬ ফুট প্রশস্ত সড়ক ও নিরাপত্তার সুবাতাস

ইশরাক হোসেন জানান, গত দুই সপ্তাহের নিরবচ্ছিন্ন অভিযানে ২৬ ফুট প্রশস্ত সড়ক নির্মাণের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। হাতে গোনা কয়েকটি অস্থায়ী অবকাঠামো সরানোর কাজ বাকি রয়েছে, যা দ্রুতই শেষ হবে। এই নতুন সড়কটি নির্মিত হলে গেন্ডারিয়ার বিভিন্ন অলিগলির সঙ্গে সরাসরি মূল সড়কের সংযোগ স্থাপন হবে। এতে করে স্থানীয় অধিবাসীদের চলাচলের চরম পথকষ্ট দূর হওয়ার পাশাপাশি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি যেকোনো যানবাহনের যাতায়াত নির্বিঘ্ন হবে।


অপরাধ দমনে কেবল সড়ক নির্মাণেই থেমে থাকছে না উন্নয়ন পরিকল্পনা। ইশরাক হোসেন জানান, নবনির্মিত এই সড়কে পর্যাপ্ত স্ট্রিট লাইট জ্বালানোর পাশাপাশি পুরো এলাকা সিসিটিভি (CCTV) ক্যামেরার আওতায় আনা হবে। এর ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে নিয়মিত টহল পরিচালনা করা সহজ হবে এবং মাদকের বিস্তার স্থায়ীভাবে রোধ করা সম্ভব হবে।


ঢাকা-৬ আসনের ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডসহ গেন্ডারিয়ার প্রতিটি অলিগলিতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়ে ইশরাক হোসেন বলেন: "আমার নির্বাচনী এলাকার প্রতিটি মাদকের স্পট পর্যায়ক্রমে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হবে। সমাজ থেকে এই বিষবৃক্ষ উপড়ে ফেলতে জনগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং পুলিশ প্রশাসনকে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।"


এ সময় তিনি আরও জানান, এই সড়কটি দ্রুত বাস্তবায়নে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব সার্বিক তদারকি ও সহযোগিতা করছেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী জোনের উপকমিশনার এবং গেন্ডারিয়া ও শ্যামপুর থানার অফিসার ইনচার্জসহ (ওসি) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১০৬

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...