1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
২৩ নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৯

ফাইল ছবি
ফাইল ছবি


ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো বাধা রইল না। এইচএসসির সম্পূরক পরীক্ষা ও উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ সোমবার (২৩ নভেম্বর) স্থগিত করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আবেদনের শুনানি শেষে বেলা সাড়ে ১১টার দিকে এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুল কাইয়ুম ও আইনজীবী ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ দীপা।


এর আগে গত ১৮ নভেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন এবং এ বিষয়ে রুল জারি করেন। ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদন করলে ১৯ নভেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান।


এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন; তাদের ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে। আপিল বিভাগের এই আদেশের ফলে ঘোষিত সূচি অনুযায়ী এসব পরীক্ষা আয়োজনের পথ খুলে গেল।


আদেশের পর রিটকারী আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপা বলেন, সাড়ে তিন লাখ শিক্ষার্থীর পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে তারা ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন—এই বিবেচনায়ই হাইকোর্ট ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দিয়েছিলেন।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১২২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...