মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর দীর্ঘ লড়াই, অস্ত্রোপচার, চিকিৎসা ও কেমোথেরাপির ধকল কাটিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি।
অভিনয়ে ফেরার পরই নতুন নাটক ‘অংশীদার’-এ তার অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে, যার ফলে মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি।
প্রায় নয় মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অভিনয় থেকে দূরে সরে যেতে হয় তানিয়া বৃষ্টিকে। সব বাধা পেরিয়ে গত ২৬ অক্টোবর শুটিংয়ে ফেরেন এই অভিনেত্রী এবং অংশ নেন নির্মাতা ইকসান রনির নতুন নাটক ‘অংশীদার’-এর কাজে। গত শনিবার প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশের পর দ্রুতই দর্শকদের নজরে আসে এবং এখন পর্যন্ত এর ভিউ ১৫ লাখ ৮৫ হাজার ছাড়িয়েছে।
পারিবারিক টানাপোড়েন, নারীর ন্যায্য সম্পত্তির অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো স্পর্শকাতর ও বাস্তবমুখী বিষয় উঠে এসেছে এই নাটকে। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও নির্মাণে নাটকটির সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। কাজী সাইফুল ইসলামের প্রযোজনায় তানিয়া বৃষ্টির পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও ডলি জহুরের মতো জ্যেষ্ঠ অভিনয়শিল্পীরা।
নাটকের গল্প নিজেদের জীবনের সঙ্গে মিলে যাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েছেন অনেক দর্শকই। মন্তব্যের ঘরে সুমাইয়া নামের এক দর্শক লিখেছেন, নাটকটি দেখে তিনি কেঁদে ফেলেছেন; কারণ তাদের পরিবারেও ভাই না থাকায় সম্পত্তির উত্তরাধিকার নিয়ে এমন বাস্তবতা তাদের কষ্ট দেয়। ফারজানা নামের আরেক দর্শক নিজের অভিজ্ঞতা জানিয়ে লিখেছেন, বাবা আগেই তাদের নামে দলিল করে দেওয়ায় তারা রক্ষা পেলেও আত্মীয়স্বজনের নানা রূপ তারা দেখেছেন। পাশাপাশি তানিয়া বৃষ্টির সুস্থতা ও নিয়মিত কাজে ফেরার জন্য ভালোবাসা আর দোয়া জানিয়েছেন আরোশিসহ অসংখ্য দর্শক।
দর্শকদের এমন উষ্ণ সাড়ায় বেশ উচ্ছ্বসিত নির্মাতা ইকসান রনি। তিনি জানিয়েছেন, সমাজের বাস্তব চিত্র এবং নারীর আত্মমর্যাদার গল্পটি তুলে ধরতেই কাজটি করা হয়েছে, আর মাত্র ২২ ঘণ্টায় দর্শকের যে ভালোবাসা মিলেছে তা পুরো টিমকে অনুপ্রাণিত করেছে। তানিয়া বৃষ্টিকে নিয়ে নির্মাতার ভাষ্য, আগের বছরের শেষ দিকে কাজটি হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তা থমকে গিয়েছিল; তবে মাসখানেক আগে গল্পটি পড়ে ফেরার আগ্রহ দেখান তিনি এবং শুটিংয়ে আগের চেয়েও বেশি আত্মবিশ্বাসী রূপে ধরা দেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...