1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
১৭ নভেম্বর, ২০২৬ সকাল ০৯:৫১

bdf5168e-50bd-4cd6-baa1-11ca03bb901c_1200x730.webp

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এ অভিযোগ জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানস্থলের বাইরে অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা নাহিদ ইসলামের অনুষ্ঠান থেকে চলে যাওয়ার পর অংশগ্রহণকারীদের ওপর হামলা চালান। এ সময় এনসিপির নেতাকর্মী ও অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যান। হামলার আগেই নাহিদ ইসলামসহ অধিকাংশ অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেছিলেন।

পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হয় গণসংবর্ধনা

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাজ্যের আয়োজনে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বক্তব্যে তিনি বলেন, দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে নৈরাজ্য ও নাশকতা চালাচ্ছেন, তার কিছু চিহ্ন যুক্তরাজ্যেও দেখা যাচ্ছে। ৫ আগস্ট বাংলাদেশের সাধারণ মানুষ ও ছাত্র-জনতা জীবন ও রক্তের বিনিময়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করলেও ফ্যাসিবাদী ও মুজিববাদী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি। এর দায় বর্তমান সরকারের বলে দাবি করেন নাহিদ ইসলাম।

আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করেছে বিএনপি: নাহিদ

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপি বিভিন্ন প্রক্রিয়ায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে। গত সাত মাসে বিএনপি সরকারের সময়ও রিকনসিলিয়েশন ও ইনক্লুসিভিটির নামে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসর দেওয়ার চেষ্টা হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির একটি অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনে কাজ করেছে। অথচ এখন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সামনে বিএনপি অসহায় হয়ে বিরোধী দলের সহযোগিতা চাইছে।

এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাও বক্তব্যে তুলে ধরেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাটিকে শর্টসার্কিটের দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। অথচ হামলার দায় আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বীকার করেছেন বলে দাবি করেন তিনি।

কাচের বোতল ও স্টিলের স্টিক দিয়ে হামলার অভিযোগ

নাহিদ ইসলামের সফরসঙ্গী ও এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদও হামলার বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা অনুষ্ঠান চলাকালে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটাতে পারেননি। তবে অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বের হওয়ার সময় কাচের বোতল ও স্টিলের স্টিক দিয়ে হামলা চালানো হয়।আলাউদ্দীন মোহাম্মদের দাবি, এ ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। নাহিদ ইসলামের গণসংবর্ধনা সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

নিরপেক্ষ তদন্তের আহ্বান নাহিদ ইসলামের

এদিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানান নাহিদ ইসলাম।

পোস্টে তিনি বলেন, যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ এবং ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দসহ অনুষ্ঠানে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন।

তবে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানান।

নাহিদ ইসলাম বলেন, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন। তারা নিজেরাই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন।তিনি যুক্তরাজ্য সরকারের প্রতি দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ, মানবসম্পদবিষয়ক সম্পাদক ডা. জাহেদুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এ ছাড়া খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউকে, বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও প্রবাসী কমিউনিটির প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১২২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...