1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
১২ নভেম্বর, ২০২৬ দুপুর ০৪:০৫

794efca2-cb50-42ef-add3-e60c65236e7a_1200x730.webp

নিজস্ব ক্রয়নীতিতে ছাড় দিয়ে ইসরাইলি প্রতিষ্ঠান সেলিব্রাইটের কাছ থেকে ফোনের তথ্য উদ্ধার ও নজরদারি প্রযুক্তি কেনার সুযোগ দিয়েছে ভারত সরকার। এতে দেশটির সরকারি সংস্থাগুলোর নজরদারির সক্ষমতা বাড়লেও নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা ও মানবাধিকার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সমালোচনা করছেন মানবাধিকারকর্মী ও ডিজিটাল অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো।

ডিজিটাল অধিকারবিষয়ক সংস্থা ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনের (আইএফএফ) এক অনুসন্ধানে দেখা গেছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির আওতায় সরকারি ক্রয়ে বিদেশি প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ছাড় দিয়েছেন। তাঁর অনুমোদনে অন্তত ৪২২টি বিদেশি প্রযুক্তিপণ্য কেনার পথ তৈরি হয়েছে। এসব পণ্যের মধ্যে ইসরাইলি প্রতিষ্ঠান সেলিব্রাইটের একাধিক প্রযুক্তিও রয়েছে।

শুধু কেন্দ্রীয় সরকার বা বিজেপিশাসিত রাজ্য নয়, কংগ্রেসশাসিত হিমাচল প্রদেশ, কেরালা ও কর্ণাটকও একই ধরনের ফোন থেকে তথ্য উদ্ধার ও ক্লোনিং প্রযুক্তি কিনেছে।

নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির সক্ষমতা শুধু পাসওয়ার্ড ছাড়াই ফোনের তথ্য উদ্ধারের মধ্যে সীমাবদ্ধ নয়। ইনস্টাগ্রাম, এক্স, টিন্ডারসহ শতাধিক অনলাইন সেবার ক্লাউডভিত্তিক তথ্য এবং অ্যামাজনের অ্যালেক্সা ও গুগল হোমের মতো সংযুক্ত ডিভাইস থেকেও তথ্য সংগ্রহের প্রযুক্তি কেনার উদ্যোগ রয়েছে।

ক্লাউড তথ্যেও প্রবেশের সক্ষমতা

আইএফএফের পর্যালোচনা করা ৭ জানুয়ারির একটি চিঠিতে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বছরের জন্য বিদেশি প্রযুক্তি কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়েছেন। এতে ডিজিটাল ও মাল্টিমিডিয়া ফরেনসিকসের ১১৮টি পণ্য অন্তর্ভুক্ত ছিল। তালিকায় সেলিব্রাইটের পাথফাইন্ডার, ইনসেয়েটস অন-প্রেম প্রো ও ইনসেয়েটস অফলাইনও রয়েছে।

২০ জানুয়ারির আরেকটি চিঠিতে জাতীয় তদন্ত সংস্থাকে (এনআইএ) সেলিব্রাইটের ‘প্রিমিয়াম টুল’ তিন বছরের লাইসেন্সে প্রায় পাঁচ কোটি রুপিতে কেনার অনুমতি দেওয়া হয়।

সরকারি দরপত্রের শর্ত অনুযায়ী, জব্দ করা ফোন বা কম্পিউটার থেকে পাওয়া লগইন টোকেন ব্যবহার করে শতাধিক ক্লাউড সেবায় প্রবেশ করতে সক্ষম সফটওয়্যার চাওয়া হয়েছে। এসব টোকেন ব্যবহারকারীর অনলাইন অ্যাকাউন্টে প্রবেশের ডিজিটাল চাবি হিসেবে কাজ করে।

এ ছাড়া দিল্লি পুলিশের ন্যাশনাল সাইবার ফরেনসিক ল্যাবের জন্য এমন সফটওয়্যার চাওয়া হয়েছে, যা অ্যাপল, মাইক্রোসফট ও লিনাক্সের অপারেটিং সিস্টেমের পাসওয়ার্ড ও স্ক্রিন লক অতিক্রম, মুছে ফেলা ফাইল উদ্ধার, ব্রাউজিং ইতিহাস সংগ্রহ, ভিপিএন ব্যবহারের চিহ্ন শনাক্ত এবং মেসেজিং অ্যাপের তথ্য উদ্ধারে সক্ষম।

আরেকটি প্রযুক্তির মাধ্যমে গুগল, অ্যাপল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ডিসকর্ড, টিন্ডার, গ্রিন্ডার ও ওকেকিউপিডের মতো প্ল্যাটফর্মের তথ্য সংগ্রহের সক্ষমতা চাওয়া হয়েছে। এমনকি ড্রোন, পরিধানযোগ্য প্রযুক্তি এবং অ্যালেক্সা ও গুগল হোমের মতো ডিভাইস থেকেও তথ্য উদ্ধারের শর্ত রয়েছে।

আইএফএফের অনুসন্ধানে ম্যাগনেট, এমএসএবি, অক্সিজেন ফরেনসিকস ও বেলকাসফটের মতো বিদেশি প্রতিষ্ঠানের প্রযুক্তির পাশাপাশি ওপেন সোর্স গোয়েন্দা তথ্য সংগ্রহ, ডার্ক ওয়েব পর্যবেক্ষণ ও ক্রিপ্টোকারেন্সি অনুসন্ধানের সফটওয়্যারেরও উল্লেখ পাওয়া গেছে।

ফোনে প্রবেশের অভিযোগ

নজরদারির এসব প্রযুক্তি নিয়ে উদ্বেগের বাস্তব উদাহরণও সামনে এসেছে। সম্প্রতি মোদি সরকারের সমালোচক ও ইউটিউবার ধ্রুব রাঠি দিল্লিতে একটি বিক্ষোভে যোগ দিতে গিয়ে পুলিশের হাতে আটক হন। এ সময় তাঁর ফোন জব্দ করা হয়।

পরে এক পডকাস্টে ধ্রুব রাঠি দাবি করেন, পুলিশ সেলিব্রাইটের প্রযুক্তি ব্যবহার করে তাঁর আইফোন ক্লোন করার চেষ্টা করেছিল। তবে নতুন সংস্করণের আইওএস থাকায় সেই চেষ্টা সফল হয়নি বলে তাঁর ধারণা। আলজাজিরা তাঁর এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

গত ১০ অক্টোবর দিল্লিতে আটক হওয়ার পর একই ধরনের উদ্বেগ প্রকাশ করেন সিয়াসাত ডেইলির সাংবাদিক মোহাম্মদ আসলাম হুসাইন। তাঁর অভিযোগ, পুলিশ ফোন ফেরত দেওয়ার পর তিনি দেখতে পান, সংবাদ সংগ্রহের সময় ধারণ করা ভিডিওগুলো বেছে বেছে মুছে ফেলা হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এস২৪ ব্যবহারকারী এই সাংবাদিক বলেন, কীভাবে তাঁর ফোনের নিরাপত্তাব্যবস্থা অতিক্রম করা হয়েছে, তা নিশ্চিত করে বলতে পারছেন না। তবে এ ঘটনায় তাঁর প্রশ্ন, ‘তারা আমার ফোনের ভেতরে ঢুকল কীভাবে?’

এর আগে ২০১৯ সালে হোয়াটসঅ্যাপ জানায়, ইসরাইলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতের সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফরেনসিক পরীক্ষায় সাংবাদিক সিদ্ধার্থ ভারদারাজন ও আনন্দ মঙ্গলনের ফোনে পেগাসাস সংক্রমণের প্রমাণ পাওয়া যায়। তবে অননুমোদিত নজরদারির অভিযোগ অস্বীকার করে আসছে ভারত সরকার।

নজরদারিতে আইনি সুরক্ষার ঘাটতি

আইএফএফের মতে, ভারতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জব্দ করা ফোন জোর করে আনলক করা কিংবা সম্পূর্ণ তথ্য সংগ্রহের বিষয়ে সুনির্দিষ্ট আইন বা নীতিমালা নেই। প্রচলিত আইনে ফোন জব্দের ক্ষমতা থাকলেও পাসকোড ভাঙা, সম্পূর্ণ তথ্য কপি করা, ক্লাউড অ্যাকাউন্টে প্রবেশের জন্য লগইন টোকেন সংগ্রহ কিংবা উদ্ধার করা তথ্য কত দিন সংরক্ষণ করা যাবে—এসব বিষয়ে স্পষ্ট বিধান নেই।

২০১৭ সালে ভারতের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে ব্যক্তিগত গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেন। রায়ে বলা হয়, ব্যক্তিগত গোপনীয়তায় রাষ্ট্রের হস্তক্ষেপের ক্ষেত্রে আইনি ভিত্তি, বৈধ উদ্দেশ্য ও আনুপাতিকতা থাকতে হবে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডিজিটাল অধিকারকর্মী বৃন্দা ভান্ডারি বলেন, যথাযথ নজরদারি ও জবাবদিহি ছাড়া এসব প্রযুক্তি ব্যবহারের ফলে রাষ্ট্রের নজরদারির পরিধি আরও বিস্তৃত ও গভীর হচ্ছে। এতে আইনগত, সংসদীয় কিংবা বিচারিক তদারকি ছাড়াই অনেক বেশি মানুষ নজরদারির আওতায় পড়ছেন।

তিনি বলেন, যুক্তরাজ্য ও জার্মানির মতো দেশে নজরদারির ওপর সংসদীয় বা বিচারিক তদারকির ব্যবস্থা থাকলেও ভারতে মূলত নির্বাহী বিভাগের অভ্যন্তরীণ পর্যালোচনার ওপর নির্ভর করতে হয়।

ভান্ডারি আরও বলেন, নজরদারির শিকার ব্যক্তি অনেক সময় তা জানতেই পারেন না। ফলে প্রতিকার চাওয়ার সুযোগও সীমিত হয়ে পড়ে।

এ বিষয়ে আলজাজিরা ভারতের জাতীয় তদন্ত সংস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং হিমাচল প্রদেশ, কর্ণাটক ও কেরালার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা


আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১১২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...