সৌদি আরবকে সামরিক সহায়তার বিষয়ে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির প্রকাশ্য ঘোষণার অনেক আগেই দেশটিতে সেনা, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছিল মিশর। সৌদি আরবের গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনাগুলোতে এসব সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষাব্যবস্থা স্থানান্তর করা হয়।
মিশরের সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
মিশরের একটি সামরিক সূত্র জানিয়েছে, এ মোতায়েনের মধ্যে ছিল রাফাল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন, আটটি হেলিকপ্টার এবং চারটি বড় পরিবহন বিমান। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে তিনি এসব তথ্য দেন।
ওই সূত্রের দাবি, মিশরের নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি দক্ষিণ লোহিত সাগরের দিকে অগ্রসর হয়েছিল। এই প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।
লোহিত সাগরের নৌপরিবহন পথের নিরাপত্তা এবং ইয়েমেনের হুথিদের হামলার কারণে সৃষ্ট হুমকি নিয়ে মিশরের উদ্বেগ বাড়ছে। এরই ধারাবাহিকতায় গত আগস্টে বাব আল-মান্দেব প্রণালির কাছে নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছিল কায়রো। বিভিন্ন প্রতিবেদনে আধুনিক ফ্রিগেট ও করভেট যুদ্ধজাহাজ মোতায়েনের তথ্যও উঠে এসেছে।
এ ছাড়া আলজাজিরা আরবির ওপেন সোর্স অনুসন্ধান বিভাগ গত মাসে ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য বিশ্লেষণ করে সৌদি আরবের আকাশসীমায় মিশরের সামরিক বাহিনীর দুটি সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমানের উপস্থিতি শনাক্ত করে। এসইউ-বিএআই ও এসইউ-বিইডব্লিউ নিবন্ধন নম্বরযুক্ত বিমান দুটি পশ্চিম সৌদি আরবের আকাশে শনাক্ত হয়েছিল। পরে সেগুলোর সংকেত হারিয়ে যায়।
এর মধ্যে একটি বিমানকে পরবর্তী সময়ে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে শনাক্ত করা হয়। পরে আল ওয়াজহের কাছাকাছি লোহিত সাগরের উপকূলের দিকে উড়ে যাওয়ার সময় সেটির সংকেত আবারও হারিয়ে যায়।
মিশরের আরেক সামরিক সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে, দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্কাইগার্ড-আমুন ব্যাটারিসহ বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নতুন করে মোতায়েন করা হয়েছে।
ওই সূত্রের ভাষ্য, সংঘাত শুরু হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে নিরাপত্তাবিষয়ক আলোচনা ও তথ্য বিনিময় চলছিল। সামরিক হস্তক্ষেপ ও সহায়তা কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে সমঝোতায় পৌঁছানোই ছিল এসব আলোচনার উদ্দেশ্য।
তিনি আরও জানান, মিশর ও সৌদি আরবের মধ্যে সামরিক সহযোগিতার বিষয়ে সম্মতি থাকলেও মিশরের জাতীয় নিরাপত্তা বজায় রেখে হস্তক্ষেপের কৌশল, পদ্ধতি ও সামরিক কার্যক্রমের পরিকল্পনা নিয়ে আলোচনা ও সমন্বয় চলছিল।
মিডল ইস্ট আই মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মন্তব্য চাওয়ার কয়েক ঘণ্টা পর পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি নিশ্চিত করেন, সংসদের অনুমোদন পাওয়ার আগেই সৌদি আরবে মিশরের সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল।
ফ্রান্স ২৪-কে দেওয়া সাক্ষাৎকারে আবদেলাত্তি বলেন, ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির সময় সৌদি আরবের ওপর হামলা ও আগ্রাসনের ঘটনার পর কয়েক মাস আগেই সেখানে মিশরের সামরিক উপস্থিতি শুরু হয়েছিল। বর্তমানে কায়রো ওই মোতায়েন আরও শক্তিশালী করার প্রক্রিয়ায় রয়েছে বলেও জানান তিনি।
গত ১৭ অক্টোবর সিসি সৌদি আরবের প্রতিরক্ষার প্রয়োজন হলে সেখানে মিশরের সেনা মোতায়েনের অনুমোদন দিতে সংসদের প্রতি আহ্বান জানান। পরদিন প্রেসিডেন্টের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় প্রতিরক্ষা পরিষদ ঘোষণা করে, সৌদি আরবের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় মিশর সব ধরনের সম্ভাব্য সহায়তা দেবে।
মিশরের সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী, দেশের বাইরে কোনো সামরিক অভিযানে সশস্ত্র বাহিনী পাঠানোর আগে প্রেসিডেন্টকে জাতীয় প্রতিরক্ষা পরিষদের সঙ্গে পরামর্শ করতে হয় এবং সংসদের নিম্নকক্ষের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন নিতে হয়।
এ বিষয়ে ১৮ ও ১৯ অক্টোবর সংসদে রুদ্ধদ্বার অধিবেশন অনুষ্ঠিত হয়। এরপর ২৬ অক্টোবর সংসদ পুনরায় অধিবেশনে বসে এবং আইনপ্রণেতারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় সিসির প্রস্তাব অনুমোদন করেন।
এই অনুমোদনের ফলে সৌদি আরবের সঙ্গে সমন্বয় করে দেশটির ভূখণ্ডকে বহিরাগত আগ্রাসন থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পান প্রেসিডেন্ট। তবে সামরিক প্রতিশ্রুতির সুনির্দিষ্ট ধরন বা পরিধি সম্পর্কে সংসদের অনুমোদনে প্রকাশ্যে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
এদিকে ইয়েমেনের হুথি আন্দোলনের পক্ষ থেকে সৌদি আরবের ওপর নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর সামনে আসছে। এ পরিস্থিতিতে সৌদি আরবের নিরাপত্তা নিয়ে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সামরিক সহযোগিতা ও সমন্বয়ের বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে।
সূত্র: মিডল ইস্ট আই, ফ্রান্স ২৪ ও আলজাজিরা
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...