পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় অবৈধ সোনার খনির বিরুদ্ধে অভিযান শেষে সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনায় ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছেন ১৮ সশস্ত্র ব্যক্তি। সব মিলিয়ে এ ঘটনায় প্রাণ গেছে ২৮ জনের।
বুধবার কোহাটের দারাবো কাচ এলাকায় অবৈধ সোনার খনির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথ অভিযান চালায়। অভিযান শেষে ফেরার পথে পুলিশের একটি দলের ওপর হামলা চালায় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠী। পুলিশের ভাষ্য, হামলাকারীদের সঙ্গে অপরাধী চক্রের যোগসাজশ ছিল।
পুলিশের দাবি, হামলাকারীদের সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধে ১৮ জন নিহত হন। এ সময় খাইবার পাখতুনখোয়া পুলিশের ১০ সদস্যও প্রাণ হারান। এ ঘটনায় জড়িত অপরাধী চক্র ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।
পাকিস্তানে সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে দেশটিতে ২২৫টি জঙ্গি হামলার ঘটনা ঘটে। গত ১২ বছরের মধ্যে এক মাসে এটিই সর্বোচ্চ হামলার সংখ্যা। আগস্টে এ সংখ্যা ছিল ১৯৯।
পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী দেশটিতে হামলা চালাচ্ছে। এ নিয়ে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও বিরোধের সমাধান হয়নি।
সূত্র: জিও নিউজ
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...