ভারতে ভোটার তালিকা সংশোধনের নামে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের (ইউএসসিআইআরএফ) সতর্কবার্তাকে স্বাগত জানিয়েছে দেশটির বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)। সংগঠনটি বলেছে, শুধু ভোটার তালিকায় নাম না থাকলেই কোনো ভারতীয় মুসলিমকে বিদেশি নাগরিক হিসেবে বিবেচনা করা অনুচিত।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতজুড়ে চলা ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে প্রায় ১৩ কোটি নাম তালিকা থেকে বাদ পড়েছে। কমিশনের চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, 'বিদেশি' আখ্যা দেওয়া এবং কথিত বেআইনি বহিষ্কারের মাধ্যমে মুসলিম নাগরিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। কমিশনার জিন মিলস মুসলিম নাগরিকদের বহিষ্কারকে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে কৌশলের 'মর্মান্তিক মাত্রা বৃদ্ধি' বলে মন্তব্য করেছেন।
এক বিবৃতিতে সিএআইআর বলেছে, ভারতের 'উগ্র হিন্দুত্ববাদী' সরকারের কর্মকাণ্ডের ওপর দৃষ্টি দেওয়ায় তারা কমিশনকে স্বাগত জানায়। সংগঠনটির অভিযোগ, ধর্মীয় পরিচয়ের কারণে ভোটার তালিকা থেকে ভারতীয়দের বাদ দেওয়া মোদি সরকারের এমন এক অভিযানের সর্বশেষ উদাহরণ, যার মাধ্যমে সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়া, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা কিংবা নিজেদের আবাসভূমি থেকে বিতাড়নের পথ তৈরি করা হচ্ছে।
সিএআইআর আরও বলেছে, ধর্মীয় স্বাধীনতা, আইনের চোখে সমান সুরক্ষা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার অধিকার মৌলিক মানবাধিকার। ভারতের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশটিকে 'বিশেষ উদ্বেগের দেশ' (কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন) হিসেবে চিহ্নিত করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কমিশনটিকে পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করে এ ধরনের সমালোচনা প্রত্যাখ্যান করেছে।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...