প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বড় একটি উদ্যোগের কথা জানালেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট চিকিৎসক জুবাইদা রহমান। তিনি জানিয়েছেন, দেশজুড়ে খুব শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যাদের মধ্যে ৮০ শতাংশই হবেন নারী।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস’ (আইদেশি)-এর যুগপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যা খুব সহজেই প্রতিরোধ করা সম্ভব। কিন্তু অতীতে স্বাস্থ্য খাতে অবহেলার কারণে এসব রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। নতুন এই স্বাস্থ্যকর্মীরা গ্রাম পর্যায়ে মানুষের কাছে স্বাস্থ্যবিষয়ক সঠিক জ্ঞান ও রোগ প্রতিরোধের উপায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সুস্থ বাংলাদেশ গড়তে তিনি গবেষণা ও জনসাধারণের আস্থা অর্জনের ওপর জোর দেন।
পাশাপাশি বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ফিরদৌসী কাদরীর প্রতিষ্ঠিত আইদেশির ১২ বছরের সফলতার ভূয়সী প্রশংসা করেন জুবাইদা রহমান। অনুষ্ঠানে ফিরদৌসী কাদরী জানান, থ্যালাসেমিয়া ও ক্যানসার শনাক্তকরণের পাশাপাশি ভবিষ্যতে ওষুধ ও টিকা উদ্ভাবনের কাজ দ্রুততর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং ব্যবহারের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
দিনব্যাপী এ আয়োজনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী চিকিৎসক এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আবদুল মুক্তাদিরসহ দেশের শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা বক্তব্য দেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...