1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
২২ নভেম্বর, ২০২৬ দুপুর ০৩:৪৮

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে ভারতের ওয়েলফেয়ার পার্টি। রায়টিকে যুগান্তকারী আখ্যা দিয়ে রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া, নিরাপদ প্রত্যাবাসন ও ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের সুরক্ষা নিশ্চিত করাসহ ভারত সরকারের প্রতি ছয় দফা দাবি জানিয়েছে দলটি।

সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়ার জাতীয় সাধারণ সম্পাদক ড. সৈয়দ কাসিম রাসুল ইলিয়াস রায়টিকে স্বাগত জানিয়ে বলেন, জাতিসংঘের প্রধান বিচারিক সংস্থার ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করা হলো। গত বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে 'দ্য গাম্বিয়া বনাম মিয়ানমার' মামলার চূড়ান্ত রায়ে ৯-৬ ভোটে আদালত সিদ্ধান্ত দেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর 'ক্লিয়ারেন্স অপারেশন' চলাকালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে এবং গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে মিয়ানমার। ড. ইলিয়াসের মতে, এ রায় চূড়ান্ত ও আইনগতভাবে বাধ্যতামূলক; এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।


ছয় দফা দাবিতে দলটি বলেছে, ভারত সরকারকে প্রকাশ্যে এই রায়কে স্বাগত জানিয়ে গণহত্যা সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে হবে। দ্বিপক্ষীয় কূটনৈতিক যোগাযোগ, জাতিসংঘ ও আঞ্চলিক ফোরামসহ সব পর্যায়ে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করে নির্ধারিত সময়ের মধ্যে রায়ের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব ফিরিয়ে দিয়ে বৈষম্যমূলক আইন বাতিল এবং তাদের নিরাপত্তা, সম্পত্তি, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার দাবি জানাতে হবে। রাখাইনে নিজ নিজ বসতভিটায় নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পাশাপাশি বিচ্ছিন্ন পরিবারের পুনর্মিলন এবং সম্পত্তি ফেরত বা ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞে জড়িতদের বিচার ও শাস্তি নিশ্চিতের দাবিও জানাতে হবে। সবশেষে, ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নির্বাসন, আটক ও হয়রানি বন্ধ করে নিরাপদে দেশে ফেরার সুযোগ তৈরি না হওয়া পর্যন্ত তাদের আশ্রয়, শিক্ষা, চিকিৎসা ও মানবিক সুরক্ষা দিতে হবে।


ড. ইলিয়াস বলেন, গণহত্যার বিষয়টি এখন বিচারিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে; এ অবস্থায় নীরবতা নিরপেক্ষতা নয়, বরং দায় এড়ানোর শামিল। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ও গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ কণ্ঠ হিসেবে ভারতের উচিত নিপীড়িত মানুষের পাশে, আন্তর্জাতিক আইনের পক্ষে ও ন্যায়বিচারের স্বার্থে অবস্থান নেওয়া বলেও মন্তব্য করেন তিনি। ওয়েলফেয়ার পার্টি জানিয়েছে, রোহিঙ্গাদের নাগরিকত্ব, ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত বিভিন্ন ফোরামে দলটি এ দাবি তুলে যাবে।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১২২

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...