সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর বিতর্কিত মন্তব্যের জেরে বিপিএল বয়কটের ডাক দিলেন ক্রীড়া সাংবাদিকরা। ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম।
সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর অপেশাদার ও আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিপিএল-এর চলমান আসরের সকল ম্যাচ, প্র্যাকটিস সেশন এবং সংবাদ সম্মেলন বয়কটের ঘোষণা দিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা। শুক্রবার (২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সে এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্প্রতি ফাহিম আল চৌধুরী তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে সাংবাদিকদের ‘ভিউ ব্যবসায়ী’ এবং ‘দু’মুঠো ভাত জোটানো’ নিয়ে চরম অবমাননাকর পোস্ট দেন। তিনি লেখেন— ‘অন্তত আমি তো কিছু ভিউ ব্যবসায়ীকে দু’মুঠো ভাত জোটানোর সুযোগ করে দিয়েছি! ওদের একটাই চাকরি, নেগেটিভ কথা ছড়িয়ে ভিউ কামানো, কারণ পজিটিভ করলে তো পেটই চলবে না! নেগেটিভ ভিউ হোক আর পজিটিভ কাজ হোক, পেট যেন ভরা থাকে!’
এর আগেও তিনি ‘বিপিএলকে গোনায় টাইম নেই, আইপিএল নিয়ে ভাবেন’ এমন মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছিলেন। যদিও পরবর্তীতে তিনি দাবি করেছিলেন যে, বিষয়টি তিনি ঠিকভাবে বুঝিয়ে বলতে পারেননি। তবে এবারের সরাসরি ব্যক্তিগত আক্রমণ মেনে নিতে পারছেন না গণমাধ্যমকর্মীরা।
সিলেটে কর্মরত এবং ঢাকা থেকে আগত সকল ক্রীড়া সাংবাদিকরা একজোট হয়ে এই সিদ্ধান্তের কথা জানান। তাঁদের দাবি: ১. আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফাহিম আল চৌধুরীকে তাঁর বক্তব্যের জন্য প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। ২. সিলেট টাইটানস ফ্র্যাঞ্চাইজিকে এই বিষয়ে আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করতে হবে।
যতক্ষণ পর্যন্ত সম্মানজনক সমাধান না আসবে, ততক্ষণ পর্যন্ত সিলেট টাইটানসের কোনো সংবাদ কাভার না করার বিষয়ে অনড় রয়েছেন সাংবাদিকরা। এর ফলে আজকের ম্যাচসহ সিলেটের পরবর্তী কার্যক্রমের সংবাদ পরিবেশন বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মাঠে উপস্থিত জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিকরা জানিয়েছেন, “সাংবাদিকদের পেশাকে এভাবে হেয় প্রতিপন্ন করা কোনোভাবেই কাম্য নয়। একজন ফ্র্যাঞ্চাইজি উপদেষ্টা হয়ে এমন কাণ্ডজ্ঞানহীন মন্তব্য ক্রিকেটের পরিবেশকে কলুষিত করে।”
সিলেট টাইটানস কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...