আল জাজিরায় দেওয়া সাক্ষাৎকারে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান জানিয়েছেন কেন নারীরা জামায়াতের আমীর হতে পারবেন না। ইসলামি আইন ও নির্বাচন নিয়ে দলের অবস্থান পরিষ্কার করেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বোচ্চ পদ ‘আমীর’ হিসেবে কোনো নারীর আসার সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন দলটির বর্তমান আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আল্লাহ পুরুষ ও নারীকে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন এবং সেই প্রাকৃতিক ও শারীরিক বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ইউটিউব চ্যানেলে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশ নির্বাচন: জামায়াতে ইসলামীর পুনরুত্থান’ শিরোনামের এই সাক্ষাৎকারটি নিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শ্রীনিবাসন জৈন।
সাক্ষাৎকারে আমীর পদে নারীর আসার সম্ভাবনা নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “এটি সম্ভব নয়। কারণ, আল্লাহ একেকজনকে একেক বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। একজন পুরুষ কখনো সন্তান ধারণ করতে পারবে না বা শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবে না। আল্লাহ যা সৃষ্টি করেছেন, আমরা তা পরিবর্তন করতে পারি না।”
তিনি আরও যোগ করেন, “কিছু শারীরিক বাস্তবতা আছে যা আমরা অস্বীকার করতে পারি না। একজন মা যখন সন্তান জন্ম দেন বা লালন-পালন করেন, তখন এই গুরুদায়িত্ব পালন করা তাঁর জন্য সম্ভব নয়। কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবেন না।”
জামায়াত ক্ষমতায় এলে ইসলামি আইন চালু করবে কি না—এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, “আমরা দেশের বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমরা জনগণের ইচ্ছার বাইরে কিছু করব না। যদি দেশের মঙ্গলের জন্য এটি অপরিহার্য হয়, তবে সংসদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এটি ব্যক্তি আমি নই, সংসদই বিষয়টি স্থির করবে।”
এবারের নির্বাচনে জামায়াত কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি জানিয়ে তিনি বলেন, “তবে আমরা ভবিষ্যতে এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছি।” এছাড়া নারীদের কর্মঘণ্টা কমানোর বিষয়ে তাঁর কোনো প্রস্তাব নেই বলেও তিনি নিশ্চিত করেন।
আল জাজিরার ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। সাম্প্রতিক জরিপ অনুযায়ী, আসন্ন নির্বাচনে দলটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সাক্ষাৎকারে ১৯৭১ সালের ভূমিকা, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়েও ডা. শফিকুর রহমানের অবস্থান জানতে চাওয়া হয়।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...