এনসিপি পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন বান্দরবান জেলা সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক। এনসিপি নেতৃত্বের শঠতা ও জোট রাজনীতির সমালোচনা করে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন তিনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী ও বান্দরবান জেলার সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক দলটির সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের পরপরই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে এরফানুল হক এনসিপির শীর্ষ নেতৃত্বের সমালোচনা করে বলেন, “নাগরিক ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ার লক্ষ্য নিয়ে জাতীয় নাগরিক কমিটি গঠিত হলেও পরবর্তীতে পার্টিতে রূপান্তরের পর সেখানে শঠতা ও দ্বিচারিতা শুরু হয়েছে। প্রায় ৪০ হাজার তরুণ এই দলে যুক্ত হলেও তাদের যথাযথভাবে ক্ষমতায়ন করা হয়নি। এছাড়া নির্দিষ্ট কিছু দলের প্রভাব ও জোট রাজনীতির কারণে সংগঠনটি তৃণমূলে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।”
পার্বত্য জেলা বান্দরবানের রাজনৈতিক সমীকরণ নিয়ে তিনি অভিযোগ করেন, “পার্বত্য অঞ্চলের সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত নন—এমন একজনকে এই এলাকায় জোটের প্রার্থী করায় স্থানীয় জনগণের আত্মসম্মানে আঘাত লেগেছে।” তিনি মনে করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক উদ্যোগই তরুণদের জন্য সবচেয়ে বড় ভরসা।
নিজের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে এরফানুল হক জানান, ছাত্রজীবন থেকে শুরু করে কোটা সংস্কার আন্দোলন ও ২০২৪-এর গণঅভ্যুত্থানে তিনি সক্রিয় ছিলেন। এখন থেকে তিনি বিএনপির হয়ে কাজ করবেন। তিনি বান্দরবানবাসীকে বিভ্রান্ত না হয়ে স্থানীয় রাজনীতির ‘ভূমিপুত্র’ হিসেবে পরিচিত সাচিং প্রু জেরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...