নির্বাচন কমিশনের বিতর্কিত পদক্ষেপের দাবি করলেন তারেক রহমান। গুম হওয়া পরিবারের সদস্যদের সাথে আবেগঘন মতবিনিময় সভায় ভুক্তভোগীদের পাশে থাকার অঙ্গীকার বিএনপির চেয়ারম্যানের।
নির্বাচন কমিশন (ইসি) বেশ কিছু বিতর্কিত পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রের স্বার্থে তার দল বর্তমানে ধৈর্যের পরিচয় দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিগত সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সাথে মতবিনিময় সভায় তারেক রহমান বলেন, "নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির পূর্ণাঙ্গ পরিকল্পনা এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। তবে ইসির কিছু পদক্ষেপ বিতর্ক সৃষ্টি করেছে।" তিনি আরও সতর্ক করে বলেন, "অনেকে নানা কথায় গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত করতে চায়, সে ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। এবার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ হাতছাড়া হলে তা শহীদদের প্রতি অবমাননা হবে।"
আবেগঘন পরিবেশ ও তারেক রহমানের অশ্রু: অনুষ্ঠানের শুরুতে তারেক রহমান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় স্বজনহারা পরিবারের সদস্যরা তাদের ওপর নেমে আসা অবর্ণনীয় নির্যাতনের কথা তুলে ধরলে পুরো সম্মেলন কেন্দ্রে এক হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়। অনেক সন্তান তাদের বাবার ছবি নিয়ে তারেক রহমানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এসময় বিএনপির চেয়ারম্যান নিজেও চোখের পানি ধরে রাখতে পারেননি এবং তাদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন।
তিনি বলেন, "আমরা এক দুঃসময় অতিক্রম করেছি। অনেক সন্তান তার বাবার মুখ দেখেনি। গুম হওয়া স্বজনদের বেদনা হয়তো কোনোদিন মুছবে না, তবে আগামীতে বিএনপি সবসময় এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে।"
তারেক রহমান আরও যোগ করেন, বিএনপির নেতাকর্মীরা কৌশলের নামে কখনও আত্মগোপনে যায়নি বরং রাজপথে থেকে ফ্যাসিবাদবিরোধী লড়াই করেছে। তাই যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করার শক্তি বিএনপির রয়েছে।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা এবং ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *
অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯
ই-মেইল : info@newstime.net
Creating Document, Do not close this window...