নিউজ টাইম
২৯ ডিসেম্বর, ২০২৫ রাত ০৮:০৩

সোমবার রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। ছবি-সংগৃহীত
সোমবার রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। ছবি-সংগৃহীত

শহীদ ওসমান হাদির যোগ্যতাসম্পন্ন না হয়ে ঢাকা-৮ আসনে নির্বাচন করবে না ইনকিলাব মঞ্চ। শাহবাগে অবরোধ কর্মসূচি থেকে সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরের বড় ঘোষণা

শহীদ শরিফ ওসমান হাদির মতো যোগ্যতাসম্পন্ন না হয়ে ওঠা পর্যন্ত ইনকিলাব মঞ্চের কেউ ঢাকা-৮ আসনে নির্বাচনে প্রার্থী হবে না বলে ঘোষণা দিয়েছেন প্ল্যাটফর্মটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগের অবরোধ কর্মসূচি থেকে তিনি এই ঘোষণা দেন।


আবদুল্লাহ আল জাবের স্পষ্ট করে বলেন, “অনেকেই ঢাকা-৮ আসনে ইনকিলাব মঞ্চের কাউকে প্রার্থী হওয়ার অনুরোধ করছেন। কিন্তু কোনো সিমপ্যাথি (সহানুভূতি) নিয়ে আমরা নির্বাচনে দাঁড়াতে চাই না। ইনকিলাব মঞ্চ কোনোদিন সহানুভূতির রাজনীতি করবে না—এটার নিশ্চয়তা দিচ্ছি।”


তিনি আরও উল্লেখ করেন যে, ইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সাংস্কৃতিক আন্দোলন এবং রাজনৈতিক চাপ সৃষ্টিকারী সংগঠন। শহীদ ওসমান হাদিও ইনকিলাব মঞ্চ থেকে নয়, বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন।


গত শুক্রবার থেকে টানা চারদিন ধরে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক শরিফ ওসমান হাদি। তাঁর খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে এই আন্দোলন চলছে।


আন্দোলনস্থল থেকে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে জাবের বলেন, “বিএনপি, জামায়াত বা এনসিপি—সবার নিজস্ব এজেন্ডা থাকতে পারে। কিন্তু জনগণ আপনাদের হাদি হত্যার বিচারের পাশে চায়। বিচারে সোচ্চার না হলে জনগণ নির্বাচনে আপনাদের সোচ্চার করে দেবে।”


একই সঙ্গে উপদেষ্টাদের সমালোচনা করে তিনি বলেন, “ঢাকা শহরে হাড়কাঁপানো শীত চলছে। উপদেষ্টারা এখন কম্বলের নিচে ঘুমাচ্ছেন, অথচ জনগণ রাষ্ট্রের পাহারাদার হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। হাদি হত্যার সঙ্গে জড়িত ‘রাঘববোয়ালদের’ নাম প্রকাশ না করলে আপনারা ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন না।”


আইন উপদেষ্টার সমালোচনা করে জাবের বলেন, জুলাই অভ্যুত্থানের আসামিদের জামিন দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যার দায় এড়াতে পারে না বলে তিনি মন্তব্য করেন। শাহবাগে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনকিলাব মঞ্চ।

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ...
  • ৬৯

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

logo

প্রকাশক :

কাউসার আহমেদ অপু
যোগাযোগ করুন

অফিস (বাংলাদেশ) : ক-২৭১, ১০ম তলা, রংধনু কর্পোরেট অফিস, কুড়িল বিশ্বরোড, ঢাকা-১২২৯

ই-মেইল : info@newstime.net

আমাদের অনুসরণ করুন
২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...